যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই দক্ষিণ লেবাননের বারাশিত গ্রামে একটি ‘স্থাপনায়’ বোমা হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, সামরিক বাহিনীর নির্ধারিত বাফার জোনে কয়েকজন ‘সন্দেহভাজন’ প্রবেশের পর তাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইসরাইলি সেনাবাহিনী জানায়, ৯১তম ডিভিশনের অধীন কেফির ব্রিগেডের সদস্যরা বারাশিত এলাকায় কয়েকজন সন্দেহভাজনকে নিরাপত্তা এলাকার সীমারেখা অতিক্রম করে একটি স্থাপনায় প্রবেশ করতে দেখেন। তাদের ইসরাইলি বাহিনীর জন্য হুমকি হিসেবে চিহ্নিত করার পর বিমানবাহিনী ওই স্থাপনায় হামলা চালায়।
তবে নিজেদের দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি ইসরাইল।
মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করেছে, লেবাননে বেসামরিক অবকাঠামো পরিকল্পিতভাবে ধ্বংস করছে ইসরাইল। গত মার্চের মাঝামাঝি প্রতিবেশী দেশটিতে সর্বশেষ সামরিক অভিযান শুরুর পর দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
এদিকে শুক্রবার বৈরুতের সঙ্গে করা চুক্তির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইসরাইল। ওই চুক্তি অনুযায়ী, ইসরাইল ধীরে ধীরে লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে এবং ইরান-সমর্থিত হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রক্রিয়ার অংশ হিসেবে তথাকথিত ‘পাইলট জোনগুলো’ লেবাননের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবে।
তবে সমালোচকদের দাবি, চুক্তিটির মাধ্যমে লেবাননের ভূখণ্ডে ইসরাইলি দখলদারিত্ব আরও দীর্ঘস্থায়ী করার সুযোগ তৈরি করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা



