ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক অনুযায়ী হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণের দায়িত্ব কেবল তাদের বাহিনীর ওপরই ন্যস্ত থাকবে। একইসাথে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি এ বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মন্তব্য প্রত্যাখ্যান করেছেন।
সোমবার ইরান এ কথা জানিয়েছে। একইদিন মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ফ্রান্স ও ওমান একসাথে কাজ করছে বলে জানান ফরাসি প্রেসিডেন্ট।
ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাঈদের সাথে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ম্যাক্রোঁ লেখেন, হরমুজ প্রণালীতে নৌপথের নিরাপত্তা ও অবাধ যাতায়াত নিশ্চিত করতে তারা সহযোগীদের সাথে নিয়ে সেখানকার মাইন সরানোর সিদ্ধান্ত নিয়েছেন।
ম্যাক্রোঁর এই মন্তব্যকে উসকানিমূলক বলে জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। তিনি সোমবার ফরাসি প্রেসিডেন্টকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, পরিস্থিতি এখন এমনিতেই যথেষ্ট সংবেদনশীল ও জটিল। ফ্রান্স যেন তাদের উসকানিমূলক কথাবার্তা দিয়ে একে আর জটিল না করে।
এদিকে গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তুমুল হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে দু’দেশের মধ্যকার ভঙ্গুর অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তিটি বানচাল হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তবে পরিস্থিতি সামাল দিতে সোমবারই দু’পক্ষ উত্তেজনা প্রশমনের জন্য বিশেষ যোগাযোগ মাধ্যম তৈরি করেছে বলে জানা গেছে। দু’দেশই এখন চাইছে যেকোনো উপায়ে এই চুক্তিটিকে টিকিয়ে রাখতে।
সূত্র : ডেইলি সাবাহ্



