গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ নিহত ৮

যুদ্ধবিরতি চুক্তির ক্রমাগত লঙ্ঘনের মধ্যে রোববার (১২ জুলাই) ইসরাইলি হামলায় এক শিশুসহ আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
গাজা সিটি
গাজা সিটি |সংগৃহীত

যুদ্ধবিরতি চুক্তির ক্রমাগত লঙ্ঘনের মধ্যে রোববার (১২ জুলাই) ইসরাইলি হামলায় এক শিশুসহ আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, গাজা শহরের দক্ষিণে সাবরা জেলায় একটি কর্মশালায় ইসরাইলি হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে একটি চিকিৎসা সূত্র জানিয়েছে, মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি গুলিতে গুরুতর আহত হয়ে নয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সূত্রটি আরো জানায়, শুক্রবার মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরের পূর্বে ইসরাইলি গুলিতে আহত হন এক ফিলিস্তিনি। পরে তারও মৃত্যু হয়।

অন্যদিকে, দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরাইলি ড্রোন হামলায় আহত হয়ে আরো একজন ফিলিস্তিনি মারা গেছেন।

চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, খান ইউনিসের আল-মাওয়াসিতে বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের তাঁবু লক্ষ্য করে চালানো ইসরাইলি গুলিতে আরো একজন ফিলিস্তিনি নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, খান ইউনিস ও গাজা শহরে ধ্বংসযজ্ঞ চালানোর সময় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি সেনাবাহিনী কমপক্ষে এক হাজার ৯৮ জন ফিলিস্তিনিকে হত্যা এবং আরো তিন হাজার ৫৩৫ জনকে আহত করেছে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এক মারাত্মক অভিযানে ইসরাইলি সেনাবাহিনী ৭৩ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা এবং এক লাখ ৭৩ হাজারেরও বেশি মানুষকে আহত করেছে। এই অভিযানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, যা প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত করেছে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি