লেবাননে ইসরাইলি বর্বরতা বন্ধ না হলে আরো ভয়াবহ ও বিধ্বংসী আঘাত হানা হবে বলে কড়া বার্তা দিয়ে আজ সোমবার ইসরাইলে হামলা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান।
ইরানের সামরিক বাহিনী বলেছে, ‘অপরাধী মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে দক্ষিণ লেবানন ও দাহিদা অঞ্চলে ইহুদিবাদী ইসরাইল যে নৃশংসতা চালিয়েছে, তার জবাবেই এই পদক্ষেপ নেয়া হয়েছিল।’
‘নির্যাতিত লেবাননীদের পাশে দাঁড়াতে ইসরাইলকে যে কঠিন ও বেদনাদায়ক শিক্ষা দেয়া হয়েছে, তা থেকে তেল আবিব ও তার সমর্থকদের শিক্ষা নেয়া উচিত,’ বলেছে তেহরান।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলু অ্যাজেন্সির খবরে এসব উল্লেখ করা হয়েছে। খবরে আরো প্রকাশ, ইরান পরিষ্কার করে দিয়েছে যে তাদের সামরিক অভিযান আপাতত শেষ হলেও ইসরাইল যদি আবারো কোনো আগ্রাসন চালায়, তবে তার পরিণতি হবে আরো মারাত্মক। গতকাল রোববার যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইল লেবাননের রাজধানী বৈরুতে বোমাবর্ষণ করলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে ওঠে। এর জবাবেই ইসরাইলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান, যার জেরে দুই দেশের মধ্যে দফায় দফায় বিমান হামলা চলে।
এদিকে, ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছে, ইরান যদি নতুন করে হামলা না চালায়, তবে ইসরাইলও আর আক্রমণ করবে না বলে ওয়াশিংটন ও তেল আবিব যৌথ বার্তা পাঠিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সকালেই এক সোশ্যাল মিডিয়া পোস্টে দুই পক্ষকে অবিলম্বে এই যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছেন।



