কাতারে বিস্ফোরণের ঘটনায় ভারতীয়-পাকিস্তানিসহ নিহত ১৩

কাতারের প্রধান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্রক্রিয়াকরণ কেন্দ্রে বিস্ফোরণে ভারতীয় ও পাকিস্তানিসহ ১৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কয়েক ডজন মানুষ।

নয়া দিগন্ত অনলাইন
কাতারের রাস লাফান শিল্প নগরী
কাতারের রাস লাফান শিল্প নগরী |সংগৃহীত

কাতারের প্রধান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্রক্রিয়াকরণ কেন্দ্রে বিস্ফোরণের ঘটনায় ভারতীয় ও পাকিস্তানিসহ ১৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কয়েক ডজন মানুষ।

সোমবার (২৩ জুন) দেশটির জ্বালানিমন্ত্রী সাদ আল-কাআবি বলেছেন, কারিগরি ত্রুটির কারণে রাস লাফান এলএনজি কমপ্লেক্সে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কাতারের এলএনজি রফতানি এতে প্রভাবিত হবে না।

তিনি আরো বলেন, ‘এটি একটি দুর্ঘটনা, কোনো নাশকতা বা শত্রুতাপূর্ণ ঘটনা নয়। জরুরি রক্ষণাবেক্ষণের প্রয়োজনে ২০২৫ সালের ডিসেম্বর থেকে কমপ্লেক্সটির উৎপাদন পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল। মাত্র দু’দিন আগেই এটি আবার চালু করা হয়।’

আল-কাআবি বলেন, বিস্ফোরণে নিহত সবাই ভারত ও পাকিস্তানের নাগরিক। আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে কর্মকর্তারা কিছু জানাননি।

কাতারএনার্জি জানিয়েছে, বিস্ফোরণের পরপরই জরুরি পরিষেবার দলগুলোকে মোতায়েন করা হয় এবং তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

দোহা থেকে প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) উত্তরে অবস্থিত রাস লাফান শিল্প নগরীতে বিশ্বের বৃহত্তম এ এলএনজি রফতানি কমপ্লেক্সটি রয়েছে, যা বৈশ্বিক সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ উৎপাদন করে।

গত মার্চ মাসে কাতার সরকার জানিয়েছিল যে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এই শিল্প কেন্দ্রটি ‘উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছে।

সূত্র: আল জাজিরা