যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালীকে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদগুলোর একটি হিসেবে উল্লেখ করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাবেক কমান্ডার এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা মোহসেন রেজাই। তার ভাষায়, ‘হরমুজ প্রণালী কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।’ খবর মিডল ইস্ট আইয়ের।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএর বরাতে রেজাই বলেন, হরমুজ প্রণালী দেশটির প্রতিরক্ষা ও প্রতিরোধ কৌশলের অন্যতম প্রধান ভিত্তি। জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ রক্ষায় এই নৌপথের গুরুত্ব অত্যন্ত বেশি। তিনি বলেন, ‘এই কৌশলগত প্রণালী কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। ইরান এটি রক্ষা করবে।’
তাসনিম নিউজ এজেন্সিও জানিয়েছে, রেজাই হরমুজ প্রণালীকে ইরানের প্রতিরক্ষা কৌশলের অপরিহার্য অংশ হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, এ জলপথের নিরাপত্তা নিশ্চিত করা ইরানের অন্যতম অগ্রাধিকার।
এদিকে গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরান স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হলেও সাম্প্রতিক সময়ে আবারও দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। হরমুজ প্রণালীতে নৌচলাচলে বাধা দেওয়ার অভিযোগ এনে যুক্তরাষ্ট্র ইরানের উপকূলীয় এলাকায় হামলা চালায়। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে অবস্থিত একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।


