ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) মঙ্গলবার জানিয়েছে, হরমুজ প্রণালীর কাছে দুটি এমকিউ-১ ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে তারা। সাম্প্রতিক কয়েক দিনে একই ধরনের চতুর্থ ড্রোন ভূপাতিত করার দাবি করল আইআরজিসি।
তুরস্কের বার্তা সংস্থা আনদোলু (১৫ সেপ্টেম্বর) জানিয়েছে, আইআরজিসির ভাষ্য অনুযায়ী, নতুন মোতায়েন করা একটি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রণালীর পূর্বদিকে ড্রোনটি ভূপাতিত করা হয়। ব্যবস্থাটি আইআরজিসির মহাকাশ বাহিনী পরিচালিত এবং ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের অংশ।
এর আগে মঙ্গলবার আইআরজিসি জানায়, হরমুজ প্রণালীর পশ্চিমদিকে একটি এমকিউ-১ ড্রোনও তারা শনাক্ত করে ভূপাতিত করেছে। তবে ড্রোনটি কে পরিচালনা করছিল কিংবা ঠিক কোথায় ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে কোনো বিস্তারিত জানানো হয়নি।
এর এক দিন আগে একই ধরনের আরো একটি ড্রোন ‘ধ্বংস’ করার কথা জানিয়েছিল আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে এ তথ্য জানানো হয়।
সাম্প্রতিক এসব ঘটনার সময় হরমুজ প্রণালীকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনাও বেড়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে জাহাজ চলাচলের বিষয়টি নিয়ে দুই দেশ এখনো মুখোমুখি অবস্থানে রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর ব্যাপক হামলা শুরু করে। এসব হামলায় সরকারি ভবন, সামরিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র অবকাঠামো এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্যবস্তু করা হয়। ইরান জবাবে ইসরাইল এবং পুরো অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
এরপর সংঘাতটি পুরো অঞ্চলে আরো ছড়িয়ে পড়ে। একই সময়ে যুদ্ধবিরতি ও সংঘাতের অবসান ঘটাতে কূটনৈতিক প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।



