যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি চূড়ান্ত হতে এখনো বাকি : ইরানি রাষ্ট্রদূত

জাতিসঙ্ঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে এখনো আলোচনা ও মতবিনিময় চলছে এবং কোনো চূড়ান্ত খসড়া তৈরি হয়নি।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের পতাকা
ইরানের পতাকা |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাথে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে এখনো আলোচনা ও মতামত বিনিময় চালিয়ে যাচ্ছে ইরান। তথ্যটি নিশ্চিত করেছেন জাতিসঙ্ঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি।

তিনি স্পষ্ট করে বলেছেন, চূড়ান্ত কোনো খসড়ায় বা টেক্সটে এখনো পৌঁছানো সম্ভব হয়নি, তবে চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়াটি বেশ জোরেশোরেই এগিয়ে নেয়া হচ্ছে।

এই শান্তি প্রক্রিয়া ও মধ্যস্থতার পেছনে কাজ করছে পাকিস্তান। পাকিস্তান সরকারের মাধ্যমেই মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে এই মুহূর্তে নিজেদের নানা চিন্তাভাবনা ও মতামত আদান-প্রদান করা হচ্ছে।

ইরাভানি সরাসরি জানিয়েছেন, যদিও চূড়ান্ত পাঠ্যটি এখনো তৈরি করা যায়নি, তবে ইরান বিষয়টির ওপর সার্বক্ষণিক নজর রাখছেন এবং প্রতিটি পদক্ষেপ বেশ গুরুত্বের সাথে অনুসরণ করছেন।

পাশাপাশি এই যুদ্ধবিরতির পরিধি নিয়ে ইরানের অবস্থান পরিষ্কার করেছেন এই কূটনীতিক। ইরাভানি জোর দিয়ে বলেছেন, এই যুদ্ধবিরতি কোনো আংশিক বিষয় নয়, বরং এটি হতে হবে সম্পূর্ণ এবং ব্যাপক। মধ্যপ্রাচ্যে একটি স্থায়ী ও টেকসই শান্তি প্রতিষ্ঠিত হতে পারে সে লক্ষ্যে এই শান্তি প্রক্রিয়াকে কেবল একটি নির্দিষ্ট সীমানায় আটকে রাখলে চলবে না, বরং এর আওতায় লেবাননসহ গোটা অঞ্চলকেই নিয়ে আসতে হবে।

সূত্র : তাসনিম নিউজ অ্যাজেন্সি