নদী থেকে সাগর : ফিলিস্তিন মুক্তির স্বপ্ন এখন আরও জীবন্ত, বলল ইরান

ইসরাইল সরকারের লাগাতার আগ্রাসন, দখলদারিত্ব এবং চরম সামরিক ও রাজনৈতিক সংকটের মুখে দাঁড়িয়ে ফিলিস্তিন মুক্ত করার এই সংগ্রাম নতুন গতি পেয়েছে, মনে করেন কানি।

নয়া দিগন্ত অনলাইন
আইআরজিসি কুদস ফোর্সের প্রধান কমান্ডার ইসমাঈল কানি
আইআরজিসি কুদস ফোর্সের প্রধান কমান্ডার ইসমাঈল কানি |সংগৃহীত

‘নদী থেকে সাগর’ ফিলিস্তিন ভূখণ্ডের স্বাধীনতার যে ঐতিহাসিক আকাঙ্ক্ষা, তা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি উজ্জ্বল ও বাস্তবসম্মত বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী বা আইআরজিসি কুদস ফোর্সের প্রধান কমান্ডার ইসমাঈল কানি।

ইসরাইল সরকারের লাগাতার আগ্রাসন, দখলদারিত্ব এবং চরম সামরিক ও রাজনৈতিক সংকটের মুখে দাঁড়িয়ে ফিলিস্তিন মুক্ত করার এই সংগ্রাম নতুন গতি পেয়েছে, মনে করেন কানি।

ইরানের ফার্স বার্তা সংস্থার বরাত দিয়ে রোববার (২৩ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে কুদস ফোর্স প্রধানের এ বক্তব্য তুলে ধরা হয়। আন্তর্জাতিক মহলের চোখ ফাঁকি দিয়ে ফিলিস্তিনে যেভাবে অবৈধ দখলদারিত্ব বিস্তার করে চলছে, তার কঠোর সমালোচনা করেন ইসমাঈল কানি।

সংকট থেকে রক্ষা পেতেই কি চালানো হচ্ছে বর্বরতা?

তিনি স্পষ্ট ভাষায় বলেন, অবৈধ বসতি স্থাপন এবং ফিলিস্তিনিদের ওপর নিরবচ্ছিন্ন নৃশংসতা আসলে ইসরাইলের এক গভীর সামরিক, নিরাপত্তা, রাজনৈতিক ও সামাজিক দেউলিয়াপনা আড়াল করার ব্যর্থ চেষ্টা ছাড়া আর কিছুই নয়। অবরুদ্ধ এবং নিপীড়িত মানুষের ওপর চরম অত্যাচার চালিয়ে তেল আবিব মূলত নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই করছে।

ইসমাঈল কানি জোর দিয়ে বলেন, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে দখলদার ইসরাইলি বাহিনী যে বড় ধরনের ‘কৌশলগত পরাজয়’ বরণ করেছে, রক্তপাত ঘটিয়ে কিংবা আন্তর্জাতিক আইন বুড়ো আঙুল দেখিয়ে সেই ভরাডুবি ধামাচাপা দেয়া সম্ভব নয়।

ইসরাইল যতই ফিলিস্তিনের অস্তিত্ব মুছে দেওয়ার চক্রান্ত করুক না কেন, ফিলিস্তিনিদের অধিকার আদায়ের এ লড়াই দমানো যাবে না উল্লেখ করে কানি বলেন, 'ফিলিস্তিনের মুক্তির আদর্শ অদম্য, চিরঞ্জীব ও অপরিবর্তনীয়। ন্যায়বিচার ও পূর্ণাঙ্গ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এ সংগ্রাম থামবে না।'