চার মাসের ইরান যুদ্ধে ব্যবহৃত গোলাবারুদের কারণে যুক্তরাষ্ট্রের কৌশলগত মজুদে ঘাটতি তৈরি হয়েছে—পেন্টাগনের মহাপরিদর্শকের প্রতিবেদনে এমন তথ্য প্রকাশের পরই যুদ্ধের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে চীন।
তুরস্কের বার্তা সংস্থা আনদোলু (১৫ সেপ্টেম্বর) জানিয়েছে, মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, বেইজিং ‘মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।’
তিনি বলেন, ‘আমরা আশা করি, সংশ্লিষ্ট পক্ষগুলো রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে বিরোধের সমাধান করবে।’
পেন্টাগনের মহাপরিদর্শকের প্রকাশিত প্রথম প্রতিবেদনের প্রতিক্রিয়ায় গুয়ো এসব কথা বলেন। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চার মাস ধরে চলা যুদ্ধে ব্যবহৃত গোলাবারুদের কারণে মার্কিন সামরিক বাহিনীর ‘কৌশলগত মজুদের ঘাটতি’ তৈরি হয়েছে। একই সাথে দেশটির প্রতিরক্ষা শিল্পভিত্তির বিভিন্ন ক্ষেত্রে উৎপাদনসংক্রান্ত বড় ধরনের প্রতিবন্ধকতাও স্পষ্ট হয়ে উঠেছে।
প্রতিবেদনে বলা হয়, গোলাবারুদের উৎপাদন বাড়াতে ‘উল্লেখযোগ্য সময়ের প্রয়োজন’। বিশেষ করে কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বড় ধরনের বাধা রয়েছে। এর মধ্যে রয়েছে সলিড রকেট মোটর, উচ্চমানের বিস্ফোরক ও প্রপেল্যান্ট বা রকেটের জ্বালানি এবং দক্ষ উৎপাদনকর্মীর সংকট।
পেন্টাগনের মহাপরিদর্শকের প্রতিবেদনের তথ্য এমন এক সময়ে সামনে এলো, যখন ইরান যুদ্ধের সামরিক সক্ষমতা ও দীর্ঘমেয়াদি অস্ত্র মজুদের ওপর এর প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেও উদ্বেগ তৈরি হয়েছে।



