খামেনির জানাজায় কোম নগরীতে লাখো মানুষের ঢল

তেহরানের পর কোম নগরীর জামকারান মসজিদে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় লাখো মানুষ অংশ নেন এবং পরে কফিন মিছিল বের করা হয়। শোকানুষ্ঠান শেষে বুধবার ইরাকে কর্মসূচি এবং বৃহস্পতিবার মাশহাদে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় কোম নগরীতে লাখো মানুষের ঢল
আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় কোম নগরীতে লাখো মানুষের ঢল |সংগৃহীত

রাজধানী তেহরানের পর এবার ইরানের পবিত্র কোম নগরীর জামকারান মসজিদে সমবেত হয়েছেন লাখ লাখ শোকাহত মানুষ। তারা সেখানে ইসলামী বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং তার পরিবারের শহীদ সদস্যদের জানাজায় শরিক হন।

মঙ্গলবার সকালে আয়াতুল্লাহিল উজমা আবদুল্লাহ জাওয়াদি আমোলি এই জানাজার ইমামতি করেন। এতে সাধারণ মুসল্লিদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের ধর্মীয় ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা এবং সামরিক বাহিনীর কমান্ডারসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। জানাজা শেষে কফিন মিছিলটি জামকারান মসজিদ থেকে হযরত ফাতিমা মাসুমার মাজারের দিকে নিয়ে যাওয়ার কথা রয়েছে।

এই জানাজায় অংশ নিতে সোমবার বিকেল থেকেই ইরানের বিভিন্ন প্রান্ত থেকে কোম নগরীতে মানুষের ঢল নামতে শুরু করে। ভোরের আলো ফোটার আগেই তারা জামকারান মসজিদের আঙিনা ও নামাজের হলগুলো ভরিয়ে তোলেন। শোকাহত মানুষের দল পায়ে হেঁটে কিংবা গাড়িতে করে লাল ব্যানার ও ইরানের জাতীয় পতাকা হাতে নিয়ে এখনো সমবেত হয়েছেন।

গত শুক্রবার তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় আয়াতুল্লাহ খামেনির লাশ রাষ্ট্রীয় শ্রদ্ধার জন্য রাখার মাধ্যমে এই বহুদলীয় শোকানুষ্ঠানে শুরু হয়, যেখানে বিদেশী বিশিষ্ট ব্যক্তি ও ধর্মীয় নেতারা শ্রদ্ধা জানান। এরপর শনি ও রোববার যথাক্রমে সাধারণ মানুষের বিদায় ও দোয়ার আয়োজন করা হয় এবং সোমবার তেহরানের রাস্তায় লাখ লাখ মানুষের উপস্থিতিতে কফিন মিছিল অনুষ্ঠিত হয়।

আগামীকাল বুধবার এই শোকানুষ্ঠান ইরাকে অনুষ্ঠিত হবে এবং বৃহস্পতিবার খামেনির অসিয়ত অনুযায়ী উত্তর-পূর্ব ইরানের মাশহাদ শহরে ইমাম রেজার মাজারে তার দাফন সম্পন্ন হবে।

সূত্র : প্রেস টিভি