যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটকে উপেক্ষা করে মধ্যপ্রাচ্যের যুদ্ধ রাজনীতি নিয়ে ব্যস্ত থাকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক শুমার।
শনিবার (২২ আগস্ট) এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে ট্রাম্পের অগ্রাধিকার নিয়ে প্রশ্ন তোলেন যুক্তরাষ্ট্রের এই শীর্ষ ডেমোক্র্যাট রাজনীতিক।
দেশে জ্বালানি তেলের ঊর্ধ্বমুখী দাম ও জাতীয় ঋণের বিশাল বোঝা সামাল না দিয়ে ট্রাম্প মধ্যপ্রাচ্যের সংঘাতে উসকানি দিচ্ছেন বলে অভিযোগ করেন শুমার। তিনি লেখেন, “গ্যালনপ্রতি পেট্রোলের দাম ৪ ডলার ছাড়িয়েছে, আর দেশের জাতীয় ঋণ গিয়ে ঠেকেছে ৪০ ট্রিলিয়ন ডলারে। এমন পরিস্থিতিতেও মধ্যপ্রাচ্যে আরেকটি দীর্ঘমেয়াদি যুদ্ধ বাঁধানোর দিকেই ট্রাম্পের সব নজর।”
অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপ ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির চেয়ে ট্রাম্পের কাছে যুদ্ধনীতি কেন প্রাধান্য পাচ্ছে, তা নিয়ে এক্স পোস্টে ক্ষোভ প্রকাশ করেন এই সিনেটর।



