গাজায় নতুন হামলা প্রমাণ করে ইসরাইল শান্তি চায় না : তুরস্ক

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগের মাঝেই রোববারের হামলায় নিহত অন্তত ১৯ ফিলিস্তিনি; তুরস্কের দাবি, মধ্যপ্রাচ্যকে যুদ্ধের ময়দান বানাতে চান নেতানিয়াহু

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলি হামলায় বিধ্বস্ত গাজার একটি দৃশ্য (ফাইল ছবি)
ইসরাইলি হামলায় বিধ্বস্ত গাজার একটি দৃশ্য (ফাইল ছবি) |সংগৃহীত

গাজায় ইসরাইলের একের পর এক প্রাণঘাতী হামলা স্পষ্ট করে দিচ্ছে যে ফিলিস্তিনিদের সাথে শান্তি আলোচনার কোনো ইচ্ছাই নেই ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক কড়া বিবৃতিতে এই মন্তব্য করেছে।

আল জাজিরা রোববার (৩ আগস্ট) উল্লেখ করা হয়েছে, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেতানিয়াহুর আসল উদ্দেশ্য একটাই—ফিলিস্তিনিদের নিজেদের ভিটেমাটি থেকে তাড়িয়ে দেয়া এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা গড়ে তোলার যেকোনো চেষ্টা নস্যাৎ করে দেয়া।

বিবৃতিতে আরো বলা হয়, নেতানিয়াহু ধারাবাহিকভাবে এমন সব পদক্ষেপ নিচ্ছেন, যা এই অঞ্চলের ভঙ্গুর ভারসাম্য নষ্ট করছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলা মধ্যস্থতার প্রক্রিয়াগুলোকে পুরোপুরি নস্যাৎ করে দিচ্ছেন তিনি।

তুরস্কের মতে, নেতানিয়াহুর এই আগ্রাসী ও সামরিক নীতি পুরো মধ্যপ্রাচ্যকে একটি স্থায়ী সংঘাতের এলাকায় পরিণত করতে চায়। তাই বিশ্ব সম্প্রদায়কে এখন তার এই নীতিগুলোর বিরুদ্ধে আরো শক্ত, ধারাবাহিক ও স্পষ্ট অবস্থান নিতে হবে।

সংঘাত কমানোর আন্তর্জাতিক চেষ্টার মধ্যেই গাজায় চরম তাণ্ডব চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় শান্তি ও নিরাপত্তা ফেরাতে একটি পরিকল্পনাকে 'ঐতিহাসিক পদক্ষেপ' হিসেবে তুলে ধরেছিল। কিন্তু সেই ঘোষণার পরও গত রবিবার ইসরাইলি বাহিনীর হামলায় গাজায় অন্তত ১৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।