হরমুজ প্রণালীতে নতুন একটি নৌপথ চালুর ব্যবস্থা নিয়ে সোমবার ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে আঞ্চলিক বৈঠক হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। বৈঠকের নতুন কোনো তারিখও ঘোষণা করা হয়নি।
তুরস্কের বার্তা সংস্থা আনদোলু সোমবার (১৪ সেপ্টেম্বর) জানায়, ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার রাতে বলেছে, 'গঠনমূলক সংলাপের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে' বৈঠকটি পরবর্তী কোনো তারিখে নেয়া হবে।
মন্ত্রণালয়টি বলেছে, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে সমর্থন করে এমন টেকসই সমঝোতায় পৌঁছানোর জন্য আলোচনার পরিবেশ তৈরির লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মাধ্যমে সহযোগিতা ও শান্তির বিষয়ে অঞ্চলের জনগণের প্রত্যাশাও পূরণ করা সম্ভব হবে।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, 'ঐকমত্যের স্বার্থে সালালাহতে আগামীকালের জন্য নির্ধারিত আঞ্চলিক বৈঠক স্থগিত করা হয়েছে।'
তিনি আরো বলেন, 'আমরা এমন সংলাপ এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ, যা আমাদের অঞ্চলে স্থিতিশীলতা ও দীর্ঘস্থায়ী সহযোগিতাকে সমর্থন করে।'
নিজের পোস্টের সাথে তিনি বাহরাইন, ইরান, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, সৌদি আরব ও কুয়েতের পতাকা যুক্ত করেন। এতে বৈঠকে অংশ নেয়ার কথা ছিল এমন দেশগুলোর ইঙ্গিত পাওয়া যায়।
তবে বৈঠক স্থগিতের কারণ সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলেননি। নতুন তারিখও ঘোষণা করেননি।
বাহরাইন ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের আগে তেহরানের সাথে কোনো যৌথ মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ না নেয়ার ঘোষণা দেয়ার একদিন পরই এই বৈঠক স্থগিতের ঘটনা ঘটল।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই শুক্রবার জানিয়েছিলেন, ওমানের আয়োজনে ইরান এ বৈঠকের আয়োজন করছে। উপসাগরীয় উপকূলবর্তী আট দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এতে অংশ নেয়ার কথা ছিল।
এর আগে রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, বৈঠকের 'প্রধান এবং আসলে একমাত্র এজেন্ডা হলো হরমুজ প্রণালীতে নতুন নৌপথ'।
তিনি বলেন, নতুন নৌপথ, এর মানচিত্র এবং ব্যবস্থা সংক্রান্ত যৌথ বিবৃতি নিয়ে ইরান ও ওমান একটি চুক্তি চূড়ান্ত করেছে। তবে এই চুক্তির অর্থ কোনোভাবেই হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া নয়।


