গাজায় ইসরাইলি হামলায় নিহত ৩, নারী ও শিশুসহ আহত ২৫

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় শনিবার (২৭ জুন) বাস্তুচ্যুতদের তাঁবু ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। এতে তিনজন ফিলিস্তিনি নিহত এবং নারী ও শিশুসহ আরো ২৫ জন আহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
হামলায় নিহতের স্বজন
হামলায় নিহতের স্বজন |সংগৃহীত

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় শনিবার (২৭ জুন) বাস্তুচ্যুতদের তাঁবু ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। এতে তিনজন ফিলিস্তিনি নিহত এবং নারী ও শিশুসহ আরো ২৫ জন আহত হয়েছেন।

চিকিৎসা সূত্র জানিয়েছে, দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের পশ্চিমে বাস্তুচ্যুতদের দু’টি তাঁবু লক্ষ্য করে চালানো ইসরাইলি হামলায় দু’জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এই হামলায় দু’টি তাঁবুই ধ্বংস হয়ে যায় এবং আশপাশের আশ্রয়কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়। পরে একই হামলায় আহত আরো একজনের মৃত্যু হয়।

এদিকে, উত্তর গাজা উপত্যকায় পথচারীদের ওপর একটি ইসরাইলি ড্রোন হামলা চালালে ১৮ জন ফিলিস্তিনি আহত হন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

অন্যদিকে, উত্তর গাজার জাবালিয়ায় ফিলিস্তিনিদের এক সমাবেশে ইসরাইলের হামলায় এক শিশু আহত হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইলের হামলায় এখন পর্যন্ত এক হাজার ৩৮ জন ফিলিস্তিনি নিহত এবং তিন হাজার ৩২৯ জন আহত হয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, ২০২৩ সালের ৮ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৭৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭৩ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়া হামলায় গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি