সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি এডিএনওসি শনিবার জানিয়েছে, হরমুজ প্রণালীর মধ্য দিয়ে যাওয়ার সময় তাদের একটি জাহাজ হামলার শিকার হয়েছে। যুক্তরাষ্ট্র-ইরান সঙ্ঘাতের কেন্দ্রবিন্দুতে থাকা গুরুত্বপূর্ণ এই নৌপথে এটি সর্বশেষ হামলার ঘটনা।
বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে ইরান অবরোধ আরোপ করেছে। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে দেশটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে।
ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে পথ ব্যবহারের ফি আদায় করতে চায়। তবে যুক্তরাষ্ট্র এর তীব্র বিরোধিতা করছে।
সংযুক্ত আরব আমিরাতের সরকারি বার্তাসংস্থা ডব্লিউএএম জানিয়েছে, আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (এডিএনওসি) নিশ্চিত করেছে, ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় তাদের একটি জাহাজ হামলার শিকার হয়। তবে এতে কেউ আহত হয়নি।
এক বিবৃতিতে এডনক সমুদ্রযাত্রীদের নিরাপত্তা এবং নৌযান চলাচলের স্বাধীনতা ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেছে।
এর এক দিন আগে সংযুক্ত আরব আমিরাত অভিযোগ করেছিল, হরমুজ প্রণালী অতিক্রম করার সময় এডনকের সাথে সংশ্লিষ্ট দু’টি জাহাজে ইরান হামলা চালিয়েছে।
আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটিকে ‘ইরানের বৈরী হামলা’ হিসেবে নিন্দা করে। তবে ওই ঘটনায়ও কেউ আহত হয়নি বলে জানানো হয়।
এর আগে গত সপ্তাহে এডনক জানিয়েছিল, হরমুজ প্রণালীতে তাদের তিনটি তেলবাহী জাহাজে হামলা হয়েছে।
এর এক দিন পর আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় আলাদাভাবে আরো একটি এডনক ট্যাংকারে হামলার কথা জানায়।
সূত্র : বাসস


