যুক্তরাষ্ট্র চুক্তি মেনে চললেই কেবল ইরান তার প্রতিশ্রুতি পূরণ করবে বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। একইসাথে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, তেহরানের অবস্থান যৌক্তিক হলেও প্রয়োজনে এর প্রতিরক্ষা হবে ভয়াবহ আঘাতকারী।
মঙ্গলবার (৩০ জুন) ইরানের বার্তাসংস্থা মেহের নিউজ এই তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসিডেন্ট পেজেশকিয়ান লিখেছেন, ‘বোঝাপড়া সবসময় দুই তরফা বিষয়। মার্কিন পক্ষ যদি সমঝোতা স্মারক মেনে চলে, তবে ইরানও তার প্রতিশ্রুতি পূরণ করব।’
ওয়াশিংটনের অন্যায্য আস্ফালনের মুখে ইরানের অবস্থান স্পষ্ট করে তিনি আরো বলেন, ভিত্তিহীন হুমকির মুখে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ইরান যৌক্তিকতা ও মানবিক মর্যাদার ওপর নির্ভর করে। তবে মাঠে নামার সময় এলে তেহরানের প্রতিরক্ষা হবে অনড় ও সাহসী।
১৮ জুনের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবারো নতুন করে সামরিক সঙ্ঘাত শুরু হয়েছে। এর জের ধরেই মার্কিন-বিরোধী এই কড়া বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট।
গত রোববার ইরানি উপকূলীয় ঘাঁটিতে মার্কিন বিমান হামলার প্রতিশোধ নিতে কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায় আইআরজিসি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলাকে যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন বলে তীব্র নিন্দাও জানিয়েছে।



