গোটা বিশ্বেই ইসরাইল নিজের গ্রহণযোগ্যতা পুরোপুরি হারিয়েছে : সাবেক প্রধানমন্ত্রী বেনেট

'নেতানিয়াহু সরকার কোথাও জিততে পারছে না—না গাজায়, না লেবাননে। কোনো যুদ্ধক্ষেত্রেই তাদের কোনো জয় নেই।'

নয়া দিগন্ত অনলাইন
নাফতালি বেনেট
নাফতালি বেনেট |সংগৃহীত

যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বের কাছে ইসরাইল তার গ্রহণযোগ্যতা ও সমর্থন পুরোপুরি হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল কখনোই এমন নজিরবিহীন কূটনৈতিক সংকটে পড়েনি বলেও তিনি সতর্ক করে দেন।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা অ্যানাদোলু এজেন্সি শনিবার (২২ আগস্ট) এক প্রতিবেদনে সাবেক এই ইসরায়েলি প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়টি নিশ্চিত করেছে।

গত বুধবার তেল আবিবে আয়োজিত 'ইসরায়েল সিকিউরিটি কনসেপ্ট কনফারেন্স'-এ বক্তব্য দিতে গিয়ে বেনেট ইসরাইলের বর্তমান পরিস্থিতির তীব্র সমালোচনা করেন। পরবর্তীতে তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই বক্তব্যের ভিডিও প্রকাশ করা হয়। অনুষ্ঠানে তিনি খোলামেলাভাবে স্বীকার করেন, 'ইসরাইল যুক্তরাষ্ট্রকে হারিয়েছে, পুরো বিশ্বকেই আমরা হারিয়েছি। প্রতিষ্ঠার পর থেকে বৈশ্বিক অঙ্গনে ইসরাইলের অবস্থান এখন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও তলানিতে এসে ঠেকেছে।'

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের কঠোর সমালোচনা করে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, এই সরকার কোনো ফ্রন্টেই সফলতা দেখাতে পারছে না। তার ভাষায়, 'নেতানিয়াহু সরকার কোথাও জিততে পারছে না—না গাজায়, না লেবাননে। কোনো যুদ্ধক্ষেত্রেই তাদের কোনো জয় নেই।'

এ ছাড়া ইসরাইলের বিরুদ্ধে বিশ্বজুড়ে গড়ে ওঠা জনমত ও প্রচারণার জবাব দেওয়ার মতো কার্যকর কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নেই বলেও বেনেট অভিযোগ করেন।

ইসরাইলের আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে তৈরি হচ্ছেন নাফতালি বেনেট। গাজা যুদ্ধের প্রশাসনিক ব্যর্থতা এবং মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্কের চরম অবনতি নিয়ে তিনি দীর্ঘদিন ধরেই সরকারের কড়া সমালোচনা করে আসছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক বাহিনীর নির্বিচার হামলা ও ধ্বংসযজ্ঞের ফলে হাজার হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন গাজার অধিকাংশ বাসিন্দা। দীর্ঘায়িত এই যুদ্ধের কারণেই বিশ্বজুড়ে ইসরাইল ক্রমাগত তীব্র ক্ষোভ ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মুখোমুখি হচ্ছে।