ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

আইআরজিসি জানিয়েছে, উত্তর ইসরাইলের হাইফা নগরীর ২০ কিলোমিটার দূরে অবস্থিত রমত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে তারা ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে।

নয়া দিগন্ত অনলাইন
মধ্য ইসরাইলের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র
মধ্য ইসরাইলের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র |এপি

ইসরাইলি বাহিনী লেবাননের বৈরুতে হামলা করার পর প্রতিশোধ হিসেবে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী-আইআরজিসি জানিয়েছে, উত্তর ইসরাইলের হাইফা নগরীর ২০ কিলোমিটার দূরে অবস্থিত রমত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে তারা ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে।

এর পর নিজেদের আকাসসীমা বন্ধ করে দিয়েছে ইরাক ও সিরিয়া।

ইরানও তাদের আকাশসীমার পশ্চিমাংশ পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। দেশটির আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম একথা জানিয়েছে।

পরে সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ইরান কর্তৃপক্ষ রাজধানী তেহরানের ইমাম খামেনি বিমানববন্দরও বন্ধ ঘোষণা করেছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হামলার ঘটনার পর ইরানকে আলোচনায় ফেরত যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইসরাইলে এ ধরনের হামলা সমঝোতা কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এটা অবশ্যই আলোচনায় সাহায্য করবে না।’

তিনি বলেন, ‘ইরানের প্রতি আমার পরামর্শ হলো: আপনারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন, এটাই যথেষ্ট। আলোচনায় ফিরে আসুন এবং একটি চুক্তিতে আসুন।’

ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকেও ইরানের হামলার জবাব না দেয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস, ইসরাইলি চ্যানেল ১২সহ বিভিন্ন গণমাধ্যমে ট্রাম্পের এ বক্তব্য প্রকাশ করা হয়েছে।

অ্যাক্সিওস সাংবাদিক বারাক ডেভিড সামাজিকমাধ্যম এক্সে জানিয়েছেন, ট্রাম্প তাকে জানিয়েছেন যে, তিনি স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে ইরানের সাথে একটি চুক্তির ‘খুব কাছাকাছি’। এবং তিনি বলেছেন, ইসরাইলে ইরানের হামলার কারণে কূটনৈতিক প্রচেষ্টা ব্যাহত হোক, এটা তিনি চান না।

অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প বলেছেন, ‘ইরানি হামলায় কেউ আহত হয়নি। আশা করি, ইসরাইল এর প্রতিশোধ নেবে না। যদি বিবি (নেতানিয়াহু) পাল্টা হামলা চালান, তাহলে এটা গত ৪৭ বছর বা গত ৩ হাজার বছরের মতোই চলতে থাকবে।’

এদিকে, ইরানের হামলার পর প্রতিক্রিয়া হিসেবে ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র এফি ডেফ্রিন বলেন, দেশটিতে হামলা চালিয়ে ইরান একটি ‘গুরুতর ভুল’ করেছে।

সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় তিনি বলেন, ইসরাইলি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ এই হামলাগুলো মূল্যায়ন করছেন এবং ‘ভবিষ্যতের পরিকল্পনা অনুমোদন করছেন’।

তিনি বলেন, ‘(ইসরাইলি সেনাবাহিনী) লেবানন জুড়ে অভিযান অব্যাহত রাখবে। আমরা অতিরিক্ত গোলাগুলির সম্ভাবনার জন্য প্রস্তুত।’

সূত্র : আল জাজিরা