পরমাণু প্রধানকে ভিয়েনায় ঢুকতে বাধা, অস্ট্রিয়ার কাছে ইরানের প্রতিবাদ

ইসনার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের আরেকটি দেশের ‘বাধার’ কারণে ইসলামির ভিয়েনায় প্রবেশের অনুমতি আটকে দেয়া হয়েছিল। তবে ওই আঞ্চলিক দেশটির নাম প্রকাশ করা হয়নি।

নয়া দিগন্ত অনলাইন
মোহাম্মদ ইসলামি
মোহাম্মদ ইসলামি |হামশাহরি

ইরানের পরমাণু প্রধানকে ভিয়েনায় ঢোকার অনুমতি না দেয়ায় অস্ট্রিয়ার কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে তেহরান। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে মোহাম্মদ ইসলামি ও তার প্রতিনিধিদল ভিয়েনার উদ্দেশে রওনা হলেও শেষ পর্যন্ত তাকে তেহরানে ফিরে যেতে হয়েছে।

তুরস্কের বার্তা সংস্থা আনদোলু (১৫ সেপ্টেম্বর) জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ট্রিয়ার কাছে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে ইসলামিকে ভিয়েনায় প্রবেশের প্রয়োজনীয় অনুমতি না দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে। ইরানের বার্তা সংস্থা ইসনা এ তথ্য জানিয়েছে।

ইসলামি ইরানের ভাইস প্রেসিডেন্ট এবং পরমাণু শক্তি সংস্থার প্রধান। তিনি ও তার প্রতিনিধিদল শনিবার নিয়মিত একটি ফ্লাইটে ভিয়েনার উদ্দেশে রওনা হয়েছিলেন। কিন্তু প্রবেশের প্রয়োজনীয় অনুমতি না থাকায় ইস্তাম্বুল বিমানবন্দরে তাদের আটকে দেয়া হয়। পরে একই দিন ইরানের প্রতিনিধি দল তেহরানে ফিরে যান।

ইসনার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের আরেকটি দেশের ‘বাধার’ কারণে ইসলামির ভিয়েনায় প্রবেশের অনুমতি আটকে দেয়া হয়েছিল। তবে ওই আঞ্চলিক দেশটির নাম প্রকাশ করা হয়নি।

বার্তা সংস্থাটি জানিয়েছে, ইসলামিকে প্রবেশের অনুমতি না দেয়ার সিদ্ধান্তটি ২০১৫ সালের ইরান পরমাণু চুক্তির আওতায় জাতিসঙ্ঘের ‘স্ন্যাপব্যাক’ নিষেধাজ্ঞা ব্যবস্থা পুনরায় কার্যকর হওয়ার সাথে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে।

তবে ইরানের পরমাণু শক্তি সংস্থার দুই উপপ্রধান, বেহরুজ কামালভান্দি ও মোহাম্মদ রেজা কারদানি, জাতিসঙ্ঘের নিষেধাজ্ঞার তালিকায় না থাকায় তারা ভিয়েনায় যেতে পেরেছেন।

এর আগে কয়েক বছর ধরে ইরানের জ্যেষ্ঠ রাজনৈতিক ও পরমাণু কর্মকর্তারা আইএইএর সদর দফতরে বিভিন্ন বৈঠকে যোগ দেয়ার অনুমতি পেয়ে আসছিলেন। ইসলামিও গত বছর আইএইএর বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছিলেন।

এবার তার অনুপস্থিতির কারণে সম্মেলনে ইরানের বক্তব্য দেয়ার সময়সূচি পিছিয়ে মঙ্গলবার বিকেল পর্যন্ত নেয়া হয়েছে।