দক্ষিণ লেবাননে ইসরাইলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে লেবানের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। হামলাগুলোকে ‘আগ্রাসী উত্তেজনা সৃষ্টির কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করে গোষ্ঠীটি বলেছে, ইসরাইল বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
আল জাজিরা শনিবার (১৫ আগস্ট) জানায়, হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইল আনসার গ্রামের উপকণ্ঠে একটি বাড়ি এবং দেইর আল-জাহরানি গ্রামের একটি ভবনে হামলা চালিয়েছে। একইসাথে হামলার আওতাধীন এলাকাও বাড়িয়ে চলেছে ইসরাইল।
হিজবুল্লাহর অভিযোগ, ইসরাইলের এই উত্তেজনা বৃদ্ধির পেছনে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থ কাজ করছে। গোষ্ঠীটির ভাষ্য, নেতানিয়াহু ‘নিজের অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থান শক্ত করতে, নির্বাচনী লক্ষ্য পূরণ করতে এবং কট্টর ডানপন্থীদের সন্তুষ্ট করতে যুদ্ধ আরো বাড়াতে চাইছেন’।
বিবৃতিতে লেবাননের কর্তৃপক্ষেরও সমালোচনা করেছে হিজবুল্লাহ। ইসরাইলের সাথে সরাসরি আলোচনা না করে কীভাবে ইসরাইলি হামলা বন্ধ করা যায়, সে পথ খুঁজতে লেবাননের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে হিজবুল্লাহ।
হিজবুল্লাহ বলেছে, ইসরাইলের হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়াই এখন লেবাননের কর্তৃপক্ষের অগ্রাধিকার হওয়া উচিত।


