ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হয়ে ‘অপারেশন’: ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

ইহুদিবাদী ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে একটি অপারেশন পরিচালনায় জড়িত থাকার দায়ে শাহরাম সাদেগি নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আজ সকালে তার সেই শাস্তি কার্যকর করা হয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি |সংগৃহীত

তেহরানের পশ্চিমে কারাজ শহরে গাড়ি চাপা দিয়ে একাধিক পুলিশ কর্মকর্তাকে আহত করার দায়ে দণ্ডপ্রাপ্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরানের বিচার বিভাগ। অভিযোগ রয়েছে, তিনি চলতি বছরের জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভের সময় এই ঘটনা ঘটিয়েছিলেন।

ইরানের বিচার বিভাগের ওয়েবসাইট মিজান অনলাইনের বরাত দিয়ে আল জাজিরা রোববার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মিজান অনলাইনে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইহুদিবাদী ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে একটি অপারেশন পরিচালনায় জড়িত থাকার দায়ে শাহরাম সাদেগি নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আজ সকালে তার সেই শাস্তি কার্যকর করা হয়েছে।’

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত ৮ জানুয়ারি তেহরানের পশ্চিমাঞ্চলীয় শহর কারাজে সাদেগি নিজের গাড়ি দিয়ে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে চাপা দেন। এতে অন্তত সাতজন পুলিশ সদস্য মারাত্মকভাবে আহত হন।

অর্থনৈতিক সংকট থেকে তীব্র বিক্ষোভ

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরান যেসব বড় ধরনের সরকারবিরোধী আন্দোলনের মুখোমুখি হয়েছে, গত বছরের ডিসেম্বর ও চলতি বছরের জানুয়ারি মাসের বিক্ষোভ ছিল তার মধ্যে অন্যতম। দেশের গভীর হতে থাকা অর্থনৈতিক সংকটই মূলত এই গণবিক্ষোভের মূল কারণ হিসেবে দাঁড়িয়েছিল।

মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মান রেকর্ড পরিমাণে নিচে নেমে যাওয়ার পর প্রথম অসন্তোষ দেখা দেয়। এর জেরে গত বছরের ২৮ ডিসেম্বর তেহরানের দোকানদার ও ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে রাস্তায় নেমে আসেন। দ্রুতই নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া এই বিক্ষোভ দেশের অন্যান্য প্রদেশেও ছড়িয়ে পড়ে।