ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির স্বাস্থ্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা গণমাধ্যমগুলো দীর্ঘদিন ধরে অবিরাম অপপ্রচার ও নানামুখী জল্পনা-কল্পনা চালিয়ে আসছে। সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শাহাদাতের পর সাংবিধানিক প্রক্রিয়ায় মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত হওয়ার পর থেকেই এই অপতৎপরতা শুরু হয়।
তবে সব জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে তেহরান সাফ জানিয়ে দিয়েছে যে, দেশটির সর্বোচ্চ নেতা সম্পূর্ণ সুস্থ, কর্মঠ ও প্রফুল্ল আছেন এবং তার স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের সমস্যা নেই।
শনিবার (২৭ জুন) ইরানের অন্যতম জনপ্রিয় দৈনিক হামশাহরি অনলাইন এই তথ্য প্রকাশ করেছে।
মার্কিন সংবাদমাধ্যম নিউজ ন্যাশন নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজাই এই বিষয়ে পরিষ্কার বক্তব্য দেন।
আট বছরব্যাপী পবিত্র প্রতিরক্ষা যুদ্ধকালীন ইসলামী রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এই সাবেক কমান্ডার মার্কিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার ভূমিকা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক জল্পনা-কল্পনা রয়েছে। তবে প্রকৃত সত্য হলো আমাদের নেতা একদম সুস্থ, সতেজ, তরুণ ও প্রফুল্ল মেজাজে আছেন। তাই তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।
জেনারেল রেজাই জানান, প্রিয় নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনির শাহাদাতের হুমকির পর নিরাপত্তা ও সুরক্ষা সংস্থাগুলো কিছু স্বাভাবিক বিধিনিষেধ আরোপ করেছে। তবে এর মধ্যেই বর্তমান সর্বোচ্চ নেতা দেশের কৌশলগত বিষয় ও জাতীয় স্বার্থের ওপর পুরোপুরি নজর রাখছেন।
সাম্প্রতিক চুক্তির উদাহরণ দিয়ে তিনি বলেন, এই বিষয়ে ভিন্নমত থাকা সত্ত্বেও সর্বোচ্চ নেতা দেশের স্বার্থে আলোচনার প্রক্রিয়া শুরু করার অনুমতি দিয়েছিলেন।



