মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, হরমুজে আটক ৩ জাহাজ

মার্কিন বাহিনীর আগ্রাসী ভূমিকার জবাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের ক্ষেপণাস্ত্র ছোঁড়া হচ্ছে
ইরানের ক্ষেপণাস্ত্র ছোঁড়া হচ্ছে |সংগৃহীত

জর্দানস্থ মার্কিন বিমানঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনী বা আইআরজিসি। একই সাথে কৌশলগত হরমুজ প্রণালীতে নিয়ম না মানা তিনটি জাহাজ আটক করেছে তারা।

বুধবার সকালে এক বিবৃতিতে আইআরজিসি জানায়, মার্কিন বাহিনীর আগ্রাসী ভূমিকার জবাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জর্দানে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ও সেন্ট্রাল কমান্ডের সদরদপ্তর লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স।

বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়, 'যতদিন পর্যন্ত ইরানের বিরুদ্ধে হুমকি এবং মার্কিন বাহিনীর বেআইনি কর্মকাণ্ড বজায় থাকবে, ততদিন প্রতিরোধের এই লড়াই চলবে। মার্কিন কর্মকর্তাদের হুমকি ও আমাদের স্বার্থের বিরুদ্ধে অবৈধ হস্তক্ষেপ বন্ধ করতে হবে।'

গত ৭ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একপক্ষীয় যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে মার্কিন-ইসরাইল জোট একাধিকবার ইরানের সীমান্তে আগ্রাসন চালায়। গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। স্মারকের প্রথম শর্তই ছিল সব ধরণের আগ্রাসন বন্ধ রাখা।

চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচলের একটি নির্দিষ্ট পথ ঠিক করে দেয় ইরান। কিন্তু যুক্তরাষ্ট্র বেআইনি পথ দিয়ে জাহাজগুলোকে পার করানোর চেষ্টা করে আসছে। এমন প্রতিটি লঙ্ঘনের বিপরীতে কঠোর জবাব দিয়ে আসছে ইরানের সশস্ত্র বাহিনী।

বুধবারের আরেকটি বিবৃতিতে আইআরজিসি জানায়, ওয়াশিংটনের উসকানিতে বিপজ্জনক পথ দিয়ে চলার কারণে তিনটি তেলবাহী জাহাজ আটক করা হয়েছে।

বিবৃতিতে আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, 'ওই অঞ্চলে চলাচলকারী জাহাজের ওপর মার্কিন বাহিনীর অবৈধ হস্তক্ষেপ আর নির্দেশ ইরান কখনোই মেনে নেবে না।'