যুক্তরাষ্ট্র বা ইসরাইল নতুন কোনো সামরিক সঙ্ঘাত শুরু করলে তার পরিণতিতে তাদের ব্যাপক প্রাণহানি ঘটবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইর সিনিয়র উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজাই।
শনিবার পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।
ইরানের সাবেক আইআরজিসি প্রধান মোহসেন রেজাই মার্কিন সংবাদমাধ্যম নিউজ নেশন টেলিভিশনকে বলেছেন, সুইজারল্যান্ডে চলমান আলোচনায় তেহরান অত্যন্ত গুরুত্ব ও দ্রুততার সাথে অংশ নিলেও ওয়াশিংটন নিজের প্রতিশ্রুতি রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ইরান এবার যেকোনো আগ্রাসনের দাঁতভাঙা জবাব দিতে পুরোপুরি প্রস্তুত এবং তাদের নতুন সামরিক সক্ষমতা ভবিষ্যতের যেকোনো যুদ্ধের চেহারা বদলে দেবে।
মোহসেন রেজাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে সামান্যতম হুমকি দেয়া হলে এবারের যুদ্ধ আগের মতো হবে না, এবার মার্কিন পক্ষকে ব্যাপক মানবসম্পদ হারাতে হবে।
প্রেস টিভির বরাত দিয়ে তিনি জানান, সম্প্রতি স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের প্রথম ধারা ইসরাইল লঙ্ঘন করার পরও আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র উল্টা ইরানকে হুমকি দিয়ে যাচ্ছে।
ট্রাম্প প্রশাসনের আচরণে কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যায়নি উল্লেখ করে তিনি বলেন, ওয়াশিংটন আসলে ইরানের সাথে কোনো স্থায়ী চুক্তিতে না গিয়ে কেবল সময় নষ্ট করছে এবং নিজেদের অভ্যন্তরীণ অর্থনৈতিক সঙ্কট ও রাজনৈতিক স্বার্থ নিয়ে ব্যস্ত রয়েছে।



