'মার্কিন হামলায়’ ইরানি বাণিজ্যিক জাহাজে নিহত ১, আহত ৩

কেশমের গভর্নর আমির তাইমুরির বরাতে জানিয়েছে, স্থানীয় সময় রোববার ভোর ৫টার দিকে হেঙ্গাম দ্বীপ ও কেশম দ্বীপের শিব দেরাজ উপকূলের মধ্যবর্তী এলাকায় জাহাজটিতে হামলা চালানো হয়।

নয়া দিগন্ত অনলাইন
আক্রান্ত জাহাজের পুরোনো ছবি
আক্রান্ত জাহাজের পুরোনো ছবি |সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপের কাছে উপসাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে কথিত মার্কিন হামলায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

তুরস্কের বার্তা সংস্থা আনদোলু রোববার (১৩ সেপ্টেম্বর) জানায়, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি কেশমের গভর্নর আমির তাইমুরির বরাতে জানিয়েছে, স্থানীয় সময় রোববার ভোর ৫টার দিকে হেঙ্গাম দ্বীপ ও কেশম দ্বীপের শিব দেরাজ উপকূলের মধ্যবর্তী এলাকায় জাহাজটিতে হামলা চালানো হয়।

তিনি এ ঘটনাকে ‘মার্কিন সন্ত্রাসী শত্রুর’ হামলা হিসেবে ব্যক্ত করেন।

তবে হামলার শিকার জাহাজটি সম্পর্কে বা কী পরিস্থিতিতে হামলাটি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে আর কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে, পৃথক এক বিবৃতিতে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, রোববার হরমুজ প্রণালি দিয়ে চলাচলরত একটি জাহাজ অজ্ঞাত কোনো অস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।