দক্ষিণ লেবাননে হামলা :

হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলি বাহিনীর

ইসরাইলি এই দাবির ব্যাপারে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলি হামলার মুখে লেবানন
ইসরাইলি হামলার মুখে লেবানন |আনদোলু

দক্ষিণ লেবাননের আনসার পৌরসভায় হামলা চালিয়ে লেবানেনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার আবু হাসান আলাকে হত্যার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। রোববার এক হামলায় তিনি নিহত হন বলে দাবি করা হয়।

তুরস্কের বার্তা সংস্থা রোববার (১৬ আগস্ট) জানিয়েছে, মার্কিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক বার্তায় ইসরাইলি সেনাবাহিনী এই দাবি করে। সংস্থাটির মতে, ইসরাইলি বাহিনীর দাবি, আলা হিজবুল্লাহর ‘বদর ইউনিট’-এর একজন জ্যেষ্ঠ কমান্ডার ছিলেন। সিকিউরিটি জোনে ইসরাইলি বাহিনীর ওপর হিজবুল্লাহর তৎপরতার জবাবে তাদের একটি প্রধান সদর দফতর লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে ইসরাইলি এই দাবির ব্যাপারে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে শনিবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় দাবি করে, সীমান্ত এলাকায় হিজবুল্লাহর এক হামলায় তাদের তিন সেনা গুরুতর আহত হয়েছেন।

যুদ্ধবিরতি চুক্তি ও লেবাননে চলমান সংঘাত

বৈরুত ও তেল আবিবের মধ্যে একটি কাঠামো চুক্তি থাকা সত্ত্বেও লেবাননে সামরিক হামলা আরো বাড়িয়েছে ইসরাইল। ওই চুক্তিতে লেবাননের ভূখণ্ড থেকে ধীরে ধীরে ইসরাইলি সৈন্য প্রত্যাহার এবং দুপক্ষের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল।

মাসজুড়ে আলোচনা সত্ত্বেও লেবাননে সামরিক অভিযান থামায়নি ইসরাইল। লেবানন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই হামলায় এ পর্যন্ত অন্তত ৪,৩৩৫ জন নিহত এবং ১২,২৭৭ জন আহত হয়েছেন। এছাড়া ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছেন ১০ লাখের বেশি মানুষ।