যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে চীনের নিন্দা

যুক্তরাজ্যে চীনা দূতাবাসের এক মুখপাত্র বৃহস্পতিবার (৪ জুন) যুক্তরাজ্যের নিরাপত্তা সংস্থা এমআই৫ এবং অন্যান্য ‘ফাইভ আইজ’ দেশের গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
চীনের পতাকা
চীনের পতাকা |সংগৃহীত

যুক্তরাজ্যে চীনা দূতাবাসের এক মুখপাত্র বৃহস্পতিবার (৪ জুন) যুক্তরাজ্যের নিরাপত্তা সংস্থা এমআই৫ এবং অন্যান্য ‘ফাইভ আইজ’ দেশের গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন।

তিনি বলেন, তথাকথিত ‘চীনা গুপ্তচর হুমকি’ সম্পূর্ণভাবে বানানো এবং এটি একটি ক্ষতিকর অপপ্রচার।

তিনি এই অভিযোগকে প্রত্যাখ্যান করে বলেন, যুক্তরাজ্যের পক্ষ থেকে যে সতর্কবার্তা দেয়া হয়েছে, তা ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।

এমআই৫-সহ যুক্তরাজ্য ও ফাইভ আইজ জোটভুক্ত অন্যান্য দেশের গোয়েন্দা সংস্থাগুলো সম্প্রতি দাবি করে যে, চীনের গোয়েন্দা সংস্থা নাকি ভুয়া অনলাইন নিয়োগের মাধ্যমে পশ্চিমা দেশগুলোর ব্যক্তিদের কাছে পৌঁছে সামরিক, রাজনৈতিক ও প্রযুক্তিগত তথ্য চুরি করার চেষ্টা করছে।

এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করে চীনা দূতাবাসের মুখপাত্র বলেন, ফাইভ আইজ বিশ্বের সবচেয়ে বড় গোয়েন্দা নেটওয়ার্ক, যারা বিশ্বের বিভিন্ন দেশে নির্বিচারে গুপ্তচরবৃত্তি এবং তথ্য সংগ্রহের কার্যক্রম চালায় এবং প্রকৃতপক্ষে তারাই শান্তিপ্রিয় দেশগুলোর জন্য হুমকি।

তিনি আরো বলেন, যুক্তরাজ্যের এই ধরনের ‘চোর চোর বলে চিৎকার করার’ নাটকীয়তা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানাচ্ছি, অন্যথায় এটি কেবল নিজেদের জন্যই লজ্জা বয়ে আনবে।

সূত্র: গ্লোবাল টাইমস