লেবাননে জাতিসঙ্ঘের বহরে হামলায় দুই মালয়েশিয়ান শান্তিরক্ষী আহত হয়েছেন।
জাতিসঙ্ঘের মুখপাত্র স্টিফেন দুজারিক জানিয়েছেন, দক্ষিণ লেবাননের হ্যারিস গ্রামের কাছে একটি রসদবাহী বহরের ওপর হামলায় শান্তিরক্ষা মিশন ইউনিফিলের মালয়েশিয়ান শান্তিরক্ষীরা আহত হয়েছেন।
তিনি সাংবাদিকদের বলেন, ‘তাদের অবস্থা স্থিতিশীল’ এবং ‘ইউনিফিল ঘটনাটি তদন্ত করবে’। তবে এই হামলার জন্য কারা দায়ী তা নির্দিষ্ট করে বলেননি তিনি।
এদিকে পৃথক এক ঘটনায় বিন্ট জেবেইলের কাছে জাতিসঙ্ঘের একটি কনভয়ের দিকে একটি ইসরাইলি সামরিক ট্যাঙ্ক গুলি ছোড়ে বলে জানান দুজারিক। নিরাপত্তার জন্য কনভয়টি পরে বিকল্প পথে পুনরায় যাত্রা শুরু চলাচল করে।
মুখপাত্র বলেন, ‘ইউনিফিল শান্তিরক্ষীরা বুধবার বিয়াদা এলাকায় উল্লেখযোগ্য ড্রোন তৎপরতাও লক্ষ্য করেছে।’
মুখপাত্র আরো বলেন, ‘আমরা আবারো সব পক্ষকে জাতিসঙ্ঘের কর্মী ও সম্পদের অলঙ্ঘনীয়তার বিষয় স্মরণ করিয়ে দিচ্ছি।’
সূত্র: আল জাজিরা



