ব্রিকস দেশগুলোর জন্য ‘ওপেন-সোর্স এআই জোন’ গঠনের প্রস্তাব চীনের প্রেসিডেন্টের

চীনের এআই কোম্পানিগুলো বিশ্বের শীর্ষস্থানীয় ওপেন-সোর্স এআই মডেল তৈরি করছে। এসব মডেলের মূল কোড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত থাকে। ফলে তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী তা পরিবর্তন ও ব্যবহার করতে পারেন।

নয়া দিগন্ত অনলাইন
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং |ফাইল ছবি

ব্রিকসের ১১টি দেশের জন্য একটি ‘কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপেন-সোর্স জোন’ গড়ে তুলতে চীন নেতৃত্ব দেবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।

রোববার নয়াদিল্লিতে ১১ জাতির এ জোটের সম্মেলনে তিনি এ কথা বলেন।

চীনের এআই কোম্পানিগুলো বিশ্বের শীর্ষস্থানীয় ওপেন-সোর্স এআই মডেল তৈরি করছে। এসব মডেলের মূল কোড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত থাকে। ফলে তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী তা পরিবর্তন ও ব্যবহার করতে পারেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এআই নির্মাতারা সাধারণত বদ্ধ পদ্ধতিকে বেশি গুরুত্ব দিচ্ছে।

চীনা নেতার ‘ওপেন-সোর্স ও অন্তর্ভুক্তিমূলক এআই উদ্যোগের’ অংশ হিসেবে এ প্রস্তাব দেয়া হয়েছে।

শি বলেন, এ উদ্যোগের আওতায় ব্রিকস দেশগুলোর জন্য ‘এআই বিষয়ে বিশেষায়িত গবেষণা ও প্রশিক্ষণ’ চালু করা হবে। এর লক্ষ্য হবে ‘এআইয়ের জন্য একটি উন্মুক্ত পরিবেশ গড়ে তোলা।’

চীন, রাশিয়া ও ভারতসহ বিভিন্ন দেশ নিয়ে গঠিত ব্রিকস জোটটি ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়।

পশ্চিমা শক্তির প্রভাবাধীন আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে আরো বেশি প্রভাব প্রতিষ্ঠার প্রত্যাশায় উদীয়মান বড় অর্থনীতির দেশগুলোকে একটি প্ল্যাটফর্মে আনতেই জোটটি গঠন করা হয়।

শি জিনপিং ‘ব্যাপক ঐকমত্যভিত্তিক বৈশ্বিক এআই শাসন কাঠামো’ প্রতিষ্ঠারও আহ্বান জানান।

চলতি মাসে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে শি জিনপিংয়ের বৈঠকের কথা রয়েছে। দ্রুত বিকাশমান এ প্রযুক্তির ওপর বিশ্ব নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা বাড়তে থাকায় এআই পরিচালনা ব্যবস্থা তাদের আলোচনার অন্যতম বিষয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : এএফপি/বাসস