ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৪৯০ জনে দাঁড়িয়েছে। রোববার (১২ জুলাই) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
দেশটির জাতীয় সংসদের প্রধান হোর্হে রদ্রিগেজ মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ সরকারের সর্বশেষ পরিসংখ্যান শেয়ার করে বলেছেন, ২৪ জুনের দুর্যোগে ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন। ছয় হাজার ৪৬২ জনকে উদ্ধার করা হয়েছে।
কর্তৃপক্ষ এক লাখ ২০ হাজার ৭৯৪টি পরিবারকে সহায়তা করেছে এবং ১৯ হাজার ৫৮৩ জনের জন্য ১০৮টি অস্থায়ী শিবির স্থাপন করেছে। অন্যদিকে ১৭ হাজার ৯০৭ জন এখনো স্থায়ী বাসস্থানহীন রয়েছেন।
প্রতিবেদন অনুসারে, ভূমিকম্পে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৯০টি ধসে পড়েছে।
উল্লেখ্য, গত ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দক্ষিণ আমেরিকার এই দেশটিতে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দু‘টি ভূমিকম্প আঘাত হানে।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



