মার্কিন কংগ্রেসের বিশেষ নির্বাচনে জয়ী ইসরাইল-সমালোচক আয়েশা

বিশেষ নির্বাচনে তিনি পরিবহন কর্মকর্তা মেলিসা হার্নান্দেজকে পরাজিত করেন। এর মধ্য দিয়ে সাবেক কংগ্রেসম্যান এরিক সোয়ালওয়েলের শূন্য আসনটি নিশ্চিত করলেন আয়েশা।

নয়া দিগন্ত অনলাইন
আফগান-আমেরিকান আয়েশা ওয়াহাব
আফগান-আমেরিকান আয়েশা ওয়াহাব |সংগৃহীত

আফগান-আমেরিকান আয়েশা ওয়াহাব যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ১৪তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের বিশেষ নির্বাচনে জয়ী হয়েছেন। গাজায় ইসরাইলের সামরিক অভিযান ও নীতির প্রকাশ্য সমালোচক হিসেবে পরিচিত ওয়াহাব ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য সিনেটের প্রথম মুসলিম নারী সদস্য।

বিশেষ নির্বাচনে তিনি পরিবহন কর্মকর্তা মেলিসা হার্নান্দেজকে পরাজিত করেন। এর মধ্য দিয়ে সাবেক কংগ্রেসম্যান এরিক সোয়ালওয়েলের শূন্য আসনটি নিশ্চিত করলেন আয়েশা।

তার এই জয় এসেছে নির্বাচনী প্রচারণার শেষ দিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে বিপুল অর্থ ব্যয়ের মধ্যেও। বিভিন্ন সুপার প্যাক, বিশেষ করে আমেরিকান ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (এআইপিএসি) সাথে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো আয়েশার বিরোধিতা এবং হার্নান্দেজের সমর্থনে বিজ্ঞাপনে বিপুল অর্থ ব্যয় করে।

এআইপিএসি-সংশ্লিষ্ট ইউনাইটেড ডেমোক্রেসি প্রজেক্ট শুধু আগস্ট মাসেই ওয়াহাবের বিরোধিতায় প্রায় ১২ লাখ ডলার ব্যয় করেছে। এ ছাড়া সংশ্লিষ্ট আরেকটি গোষ্ঠী নির্বাচনী প্রচারণায় প্রায় ১৭ লাখ ডলার খরচ করেছে।

তবে এসব বিপুল অর্থব্যয়ের পরও ওয়াহাব তার এগিয়ে থাকা অবস্থান ধরে রেখে জয় নিশ্চিত করেন। তার বিজয়কে যুক্তরাষ্ট্রের নির্বাচনী রাজনীতিতে ফিলিস্তিন ইস্যু এবং ইসরাইলবিরোধী অবস্থানের প্রভাবের দিক থেকেও তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র : আল জাজিরা