আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে ওয়াশিংটনে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফরের প্রতিবাদে হোয়াইট হাউসের বাইরে জোরালো বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থীরা। সোমবার তারা এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।
তুরস্কের সংবাদ সংস্থা আনদালু মঙ্গলবার(২৮ জুলাই) জানায়, বিক্ষোভকারীদের হাতে ফিলিস্তিনের পতাকা ছিল। এ ছাড়া, ইসরাইলকে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের তীব্র সমালোচনা করে নানা শ্লোগান লেখা ব্যানার বহন করেন তারা। তাদের ব্যানারে 'আমেরিকা-ইসরাইলের যুদ্ধযন্ত্র বন্ধ করো', 'ওয়াশিংটনে ইসরাইলের নিয়ন্ত্রণ উন্মোচন করো' এবং 'ফিলিস্তিনিদের মানবাধিকারও গুরুত্বপূর্ণ'-এর মতো শ্লোগান ছিল।
মঙ্গলবার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করবেন নেতানিয়াহু। সেই উদ্দেশ্যেই ওয়াশিংটন সফর করছেন। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর নেতানিয়াহুর সাথে এটি তার অষ্টম বৈঠক হতে যাচ্ছে। ট্রাম্পের সাথে এই বৈঠকের পর নেতানিয়াহু রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহামের একটি স্মারক অনুষ্ঠানে যোগ দেয়ার কর্মসূচিতে অংশ নেবেন। সেনেটর গ্রাহাম দীর্ঘ দিন ধরেই ইসরাইলের কট্টর সমর্থক ছিলেন।
গাজা উপত্যকায় দীর্ঘ দিন ধরে চলা যুদ্ধে ইসরাইলকে অব্যাহত সহায়তা নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে। গত ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইল গণহত্যা অভিযান শুরুর পর থেকে গাজায় ৭৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু।



