সুদানে ড্রোন হামলায় নিহত ২৩

দক্ষিণ সুদানের উত্তর কর্দোফানে টানা দ্বিতীয় দিনের মতো ড্রোন হামলায় ২৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১৯ জন।

নয়া দিগন্ত অনলাইন
হামলায় ক্ষতিগ্রস্ত একটি যানবাহন
হামলায় ক্ষতিগ্রস্ত একটি যানবাহন |সংগৃহীত

দক্ষিণ সুদানের উত্তর কর্দোফানে টানা দ্বিতীয় দিনের মতো ড্রোন হামলায় ২৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১৯ জন।

একটি সুদানি মানবাধিকার সংস্থা বৃহস্পতিবার (১১ জুন) র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) এসব হামলার জন্য অভিযুক্ত করেছে।

বেসরকারি সংস্থা ‘ইমার্জেন্সি লয়ার্স’ জানিয়েছে, গত বুধবার গভীর রাতে আরএসএফের ড্রোনগুলো কর্দোফান রাজ্যের রাজধানী এল-ওবেইদে এলাকাকে লক্ষ্য করে হামলা চালায় এবং এই হামলা বৃহস্পতিবারও অব্যাহত ছিল।

সংস্থাটি জানায়, প্রথম হামলায় পাঁচজন বেসামরিক নাগরিক নিহত এবং ১২ জন আহত হয়েছেন। পরবর্তী একটি হামলায় নিহতদের দাফন চলাকালে কবরস্থানে সমবেতদের লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে চারজন বেসামরিক নাগরিক নিহত এবং আরো সাতজন আহত হন।

সংস্থাটি আরো জানায়, বৃহস্পতিবারের হামলায় আল-মুওয়াজ্জাফিন ও আল-মাতার এলাকার বাড়িঘর এবং সুদানি সেনাবাহিনীর একটি সদর দফতরের আশপাশের এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। এতে ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হন।

এছাড়া একটি ট্রাককে লক্ষ্য করে চালানো পৃথক এক হামলায় চালক নিহত হয়েছেন।

আরএসএফ বা সুদানের কর্তৃপক্ষ কেউই এই অভিযোগগুলোর বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এর আগে গত ১২ মে জাতিসঙ্ঘ কর্ডোফান অঞ্চলে ড্রোন হামলা বৃদ্ধির বিষয়ে সতর্ক করে বলেছে, জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে এই হামলায় কমপক্ষে ৮৮০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

কর্ডোফানের তিনটি রাজ্য—উত্তর, পশ্চিম ও দক্ষিণ কর্ডোফানে গত বছরের ২৫ অক্টোবর থেকে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে তীব্র লড়াই চলছে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি