ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। মঙ্গলবার (৯ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৫ মে প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে এই রোগে ১০১ জনের মৃত্যু হয়েছে এবং সামগ্রিক মৃত্যুহার প্রায় ১৮ দশমিক ৪ শতাংশ। এছাড়া মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫৫০ জনে পৌঁছেছে।
ইবোলা ভাইরাসটি এখন ইতুরি, উত্তর কিভু ও দক্ষিণ কিভু প্রদেশের ২৫টি স্বাস্থ্য অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সাতজন রোগী সুস্থ হয়েছেন, ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা ১৯ জনে দাঁড়িয়েছে।
ইতুরি প্রদেশ এই ভাইরাসের কেন্দ্রবিন্দু হিসেবেই রয়েছে, যেখানে ২৫ আক্রান্ত স্বাস্থ্য অঞ্চলের মধ্যে ১৭টিই অবস্থিত।
স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইবোলা ভাইরাসের বুন্দিবুগিও স্ট্রেইনের কারণে সৃষ্ট এই প্রাদুর্ভাব ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে।
তারা বলেছেন, মহামারী লেখচিত্রে সাম্প্রতিক যে সামান্য হ্রাস দেখা গেছে। পরীক্ষাগারের তথ্য হালনাগাদে বিলম্বের কারণে এমন হতে পারে।
মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্ত এলাকাগুলোতে নজরদারি কার্যক্রম, রোগী ব্যবস্থাপনা ও জনসচেতনতামূলক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



