কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ঘানা ও আইভরি কোস্টে ৩২ জনের মৃত্যু হয়েছে।
ঘানার ন্যাশনাল ফায়ার সার্ভিসের মুখপাত্র অ্যালেক্স কিং নার্তে জানিয়েছেন, সোমবার (২৯ জুন) ভারী বৃষ্টি শুরু হওয়ার পর মঙ্গলবার কমপক্ষে ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
তিনি বলেন, ‘এখনো বেশ কয়েকজন নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।’
সোমবার ঘানার রাজধানী শহর আক্রায় ভারী বৃষ্টিতে বাড়িঘর ও রাস্তাঘাট ডুবে যায় এবং উদ্ধারকর্মীরা রাতভর অভিযান চালান।
গ্রেটার আক্রা অঞ্চলের ফায়ার সার্ভিসের কমান্ডার রশিদ কোয়ামে নিসাউ জানান, মঙ্গলবার উদ্ধারকর্মীরা ৪০০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করেছেন।
এদিকে, আইভরি কোস্টে শনিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং এই ভারী বর্ষণে হতাহতের ঘটনাও ঘটেছে। দেশটির কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মৃতের সংখ্যা প্রকাশ করেনি।
তবে দমকলকর্মী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে যে, সেখানে প্রায় ২০ জনের মৃত্যু হয়েছে।
সূত্র: আল জাজিরা



