আবারো বিয়ে করলেন বলিউড তারকা আমির খান। রোববার এক পারিবারিক পরিবেশে আগের সন্তানদের সাথে রেখেই আইনিভাবে গৌরী স্প্র্যাটের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তিনি।
আমির খানের ঘনিষ্ঠ এক সূত্র সংবাদমাধ্যমকে এ খবর দিয়ে জানিয়েছে, বান্দ্রার বাড়িতে সকালেই বিয়ে সেরেছেন তারা। আইনসম্মতভাবে তারা এখন বিবাহিত। ইতোমধ্যেই একটি ছবি প্রকাশ্যে এসেছে।
শনিবার থেকেই সেজে উঠছিল আমিরের বান্দ্রার বাড়ি। রোববার সকাল থেকে সেখানে এক এক করে জড়ো হতে থাকেন অতিথিরা। মুম্বাইয়ের বৃষ্টি উপেক্ষা করেই ঘনিষ্ঠজনেরা আসেন বিয়ের আসরে। রাস্তাঘাট জলমগ্ন হলেও এরই মধ্যে বিয়েতে উপস্থিত হন ১৫০ জন অতিথি।
এই তালিকায় আমিরের আগের দুই পক্ষের তিন সন্তান ও গৌরীর এক পুত্রসন্তান রয়েছে বলে প্রথম থেকেই শোনা গেছে। সেইসাথে রয়েছেন পরিবারের অন্য সদস্যরা। বলিউড থেকেও আমিরের ঘনিষ্ঠদের আসতে দেখা যায় এদিন। তবে আমির বা গৌরী, কেউই এখনো বিয়ের কোনো ছবি বা বিবৃতি প্রকাশ্যে আনেননি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, আমির ও গৌরী আইনি মতে স্বাক্ষর করে বিয়ে করছেন। তাদের মাঝখানে দাঁড়িয়ে গৌরীর ছেলে। আমিরের পরনে দুধসাদা রঙের কুর্তা, চোখে চশমা। অন্যদিকে, গৌরী পরেছেন বেজ রঙের ফুলহাতা পোশাক আর সেইসাথে মানানসই ভারী গয়না। আমিরের এক পাশে তার ছেলে আজাদকেও দেখা যাচ্ছে।
বৃষ্টির মধ্যেই বান্দ্রায় আমিরের বাড়ি সাজানো হয় নানা রকম আলো ও ফুল দিয়ে। বর্ষাতি পরে কর্মীদের বাড়ি সাজাতে দেখা গিয়েছে শনিবার থেকেই। সেদিনই আমিরের বোনও বান্দ্রার বাড়িতে চলে আসেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গৌরীর সাথে আমিরের দীর্ঘ ২৫ বছরের পরিচয়। কিন্তু গত দু’বছর ধরে গৌরীর সাথে সম্পর্কে আছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। শোনা যায়, বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে আমিরের বোনের মাধ্যমে এই সম্পর্কের শুরু। গত বছর অর্থাৎ ২০২৫ সালে আমিরের ৬০ বছরের জন্মদিনে প্রেমিকা গৌরীর সাথে সম্পর্কের কথা ঘোষণা করেন অভিনেতা। তার পর থেকেই প্রশ্ন উঠছিল, কবে বিয়ে করবেন তিনি। প্রথমদিকে আমির জানিয়েছিলেন, বিয়ে নিয়ে তিনি ভাবেননি। তবে অবশেষে সিদ্ধান্ত নিয়ে গৌরীকে বিয়ে করলেন তিনি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা



