বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবদুর রহমান খান।
আজ শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব মো: গোলাম রব্বানী।
প্রজ্ঞাপনে বলা হয়, মো: আবদুর রহমান খানের (পরিচিতি নম্বর-৭৬৮) ভোগকৃত অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত করে তাকে বিশ্বব্যাংকে এ দায়িত্ব দেয়া হয়েছে।
অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে তিনি বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
তার নিয়োগের অন্যান্য শর্ত সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
নতুন দায়িত্বে তিনি বিশ্বব্যাংকের ঋণ, উন্নয়ন প্রকল্প, অর্থনৈতিক সহযোগিতা এবং বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন অগ্রাধিকার সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কার্যক্রমে অংশ নেবেন।
পাশাপাশি বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বিশ্বব্যাংকের নীতিনির্ধারণী পর্যায়ে উপস্থাপনে ভূমিকা রাখবেন।



