ফল আমদানিতে ১০০ শতাংশ নগদ মার্জিন শিথিল

বাংলাদেশ ব্যাংক জানায়, বর্তমানে বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও লেনদেনে কাঙ্ক্ষিত স্থিতিশীলতা ফিরে আসায় ফল আমদানিতে শতভাগ নগদ মার্জিনের বাধ্যবাধকতা শিথিলের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

ফল আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের বাধ্যবাধকতা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে ফল আমদানিতে নগদ মার্জিন নির্ধারণ করা যাবে।

রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি সার্কুলার দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতার প্রেক্ষাপটে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর জারি করা নির্দেশনায় কিছু বিলাসপণ্য ও দেশীয় বিকল্প পণ্য আমদানিতে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়। এর মধ্যে ফলও অন্তর্ভুক্ত ছিল।

বাংলাদেশ ব্যাংক জানায়, বর্তমানে বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও লেনদেনে কাঙ্ক্ষিত স্থিতিশীলতা ফিরে আসায় ফল আমদানিতে শতভাগ নগদ মার্জিনের বাধ্যবাধকতা শিথিলের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

সার্কুলারে বলা হয়, শিশু, রোগী, বয়স্ক ব্যক্তি ও গর্ভবতী নারীর খাদ্যতালিকায় ফল গুরুত্বপূর্ণ পুষ্টিকর উপাদান। তাই ফল আমদানি সহজীকরণ এবং সহনীয় মূল্যে এর সরবরাহ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ২০২৪ সালের ৪১ নম্বর সার্কুলার এবং পরবর্তী নির্দেশনাগুলোর অন্যান্য বিধান অপরিবর্তিত থাকবে। নতুন নির্দেশনা ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। সূত্র : বাসস