বিসিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচি চলছে

বিসিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে পাঁচ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, ব্যবসায় পরিকল্পনা ও আত্মকর্মসংস্থানের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
বিসিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান
বিসিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান |সংগৃহীত

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই)’ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের যৌথ উদ্যোগে ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুরু হয়েছে।

গতকাল রোববার (৭ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে এই ট্রেনিং কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের চেয়ারম্যান ড. মো: রকিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মাহমুদ ওসমান ইমাম। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিসিকের পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) মো: শহিদুজ্জামান এবং বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মো: ফরহাদ আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন পুনর্ব্যক্ত করে বলেন, উচ্চশিক্ষা শেষে কেবল চাকরির প্রত্যাশা না করে শিক্ষার্থীদের ক্যাম্পাস জীবন থেকেই নিজেদের সৃজনশীল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে দক্ষ ও উদ্ভাবনী উদ্যোক্তা তৈরির যে আহ্বান প্রধানমন্ত্রী জানিয়েছেন, তা বাস্তবায়নের লক্ষ্যেই বিসিক এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে, যা দেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা উল্লেখ করেন, দক্ষ মানবসম্পদ ও নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমেই দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়ন ত্বরান্বিত করা সম্ভব। আগামী ১১ জুন পর্যন্ত চলমান এই কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মূলত ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ব্যবস্থাপনা, বাজারজাতকরণ কৌশল এবং উদ্যোক্তা হিসেবে সফল হওয়ার ব্যবহারিক দিকগুলো সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করবেন। এই যৌথ উদ্যোগের মূল লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উদ্যোক্তা সংস্কৃতির বিকাশ ঘটানো এবং সফল আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে অবদান রাখা।
প্রেস বিজ্ঞপ্তি