শিল্পকলায় নৃত্যাঞ্চলের তিন দিনব্যাপী রজতজয়ন্তী উৎসব

ছড়া, ছন্দ, শিক্ষা ও আনন্দের সমন্বয়ে নির্মিত ‘ছড়ায় ছন্দে নৃত্যমালা’ দর্শকদের মুগ্ধ করে। শিশুতোষ ছড়া ও শিক্ষণীয় বিভিন্ন বিষয়কে উপজীব্য করে নির্মিত এ আয়োজনে নৃত্যাঞ্চলের ৪০০-এর বেশি শিশু-কিশোর শিক্ষার্থী অংশ নেয়।

নয়া দিগন্ত অনলাইন

দেশের অন্যতম নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান নৃত্যাঞ্চলের ২৫ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে তিন দিনব্যাপী রজতজয়ন্তী উৎসব। ১১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এ উৎসবে বর্ণাঢ্য র‌্যালি, শিশু-কিশোরদের নৃত্যানুষ্ঠান, বিশেষ পরিবেশনা ও নৃত্য প্রদর্শনীর আয়োজন করা হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। এতে নৃত্যাঞ্চলের শিক্ষক, শিক্ষার্থী ও কলাকুশলীদের পাশাপাশি প্রতিষ্ঠানের দুই পরিচালক—বরেণ্য নৃত্যশিল্পী ও নৃত্যপরিচালক শামীম আরা নীপা এবং শিবলী মোহাম্মদ অংশ নেন। র‌্যালি শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়।

উৎসবের দ্বিতীয় দিন শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় শিশু-কিশোরদের বিশেষ নৃত্যানুষ্ঠান ‘ছড়ায় ছন্দে নৃত্যমালা’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন স্টালিনসহ দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, ব্যবসায়ী ও দর্শনার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে নুপুর বেঁধে আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন স্টালিন, বরেণ্য নৃত্যশিল্পী আমানুল হক, কাজল ইব্রাহিম, লুবনা মরিয়ম, ড. সোমা মুমতাজ, বেলায়েত হোসেন খান ও আনিসুল ইসলাম হিরু এবং নৃত্যাঞ্চলের পরিচালক শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদ।

ছড়া, ছন্দ, শিক্ষা ও আনন্দের সমন্বয়ে নির্মিত ‘ছড়ায় ছন্দে নৃত্যমালা’ দর্শকদের মুগ্ধ করে। শিশুতোষ ছড়া ও শিক্ষণীয় বিভিন্ন বিষয়কে উপজীব্য করে নির্মিত এ আয়োজনে নৃত্যাঞ্চলের ৪০০-এর বেশি শিশু-কিশোর শিক্ষার্থী অংশ নেয়। এর নৃত্য পরিচালনা করেন শামীম আরা নীপা এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিবলী মোহাম্মদ।

১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় একই মিলনায়তনে অনুষ্ঠিত হবে রজতজয়ন্তী উৎসবের সমাপনী আয়োজন ‘নৃত্যমালিকা’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

লোকনৃত্য, সৃজনশীল ও ধ্রুপদি নৃত্যের সমন্বয়ে আয়োজিত ‘নৃত্যমালিকা’য় নৃত্যাঞ্চলের জ্যেষ্ঠ শিল্পীদের পাশাপাশি ৩০০-এর বেশি শিল্পী অংশ নেবেন।

সমাপনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ দেশের অন্যতম নৃত্যজুটি শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদের বিশেষ নৃত্য পরিবেশনা। দীর্ঘ ২৫ বছরের পথচলায় তাদের শিল্পসাধনা ও নেতৃত্বে নৃত্যাঞ্চল দেশের নৃত্যচর্চায় একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে নিজস্ব অবস্থান তৈরি করেছে।

সমাপনী দিনে জাতীয় নাট্যশালার দর্শকসারি দেশের বরেণ্য নৃত্যশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পানুরাগীদের মিলনমেলায় পরিণত হওয়ার আশা আয়োজকদের।

তিন দিনব্যাপী এ উৎসবের মিডিয়া পার্টনার মাছরাঙা টেলিভিশন এবং সহযোগিতায় রয়েছে শাহ সিমেন্ট। বিজ্ঞপ্তি