মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন

বিএসইসির অনুমোদিত বন্ডটি হবে নন-কনভার্টিবল, আনসিকিউরড, ফুললি রিডিমেবল, কুপন বিয়ারিং, ফ্লোটিং রেট ও সাব-অর্ডিনেটেড বন্ড। এর কুপন রেট হবে রেফারেন্স রেটের সাথে তিন শতাংশ মার্জিন যোগ করে নির্ধারিত হার।

নয়া দিগন্ত অনলাইন
মেঘনা ব্যাংক
মেঘনা ব্যাংক |সংগৃহীত

মেঘনা ব্যাংক পিএলসির ৪০০ কোটি টাকা মূল্যের সাত বছর মেয়াদি সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১০৯তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় মেঘনা ব্যাংকের বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করা হয়।

বিএসইসির অনুমোদিত বন্ডটি হবে নন-কনভার্টিবল, আনসিকিউরড, ফুললি রিডিমেবল, কুপন বিয়ারিং, ফ্লোটিং রেট ও সাব-অর্ডিনেটেড বন্ড। এর কুপন রেট হবে রেফারেন্স রেটের সাথে তিন শতাংশ মার্জিন যোগ করে নির্ধারিত হার।

বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে করপোরেট প্রতিষ্ঠান, উচ্চ সম্পদশালী ব্যক্তি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, প্রভিডেন্ট ও গ্র্যাচুইটি ফান্ড এবং বিমা কোম্পানির কাছে ইস্যু করা হবে।

প্রতিটি বন্ডের অভিহিত মূল্য পাঁচ লাখ টাকা। এ বন্ড ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ মেঘনা ব্যাংক পিএলসির বেসেল-৩-এর আওতায় টিয়ার-২ মূলধনভিত্তি শক্তিশালী করতে ব্যবহার করা হবে।

বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। আর ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড।

বিএসইসির পক্ষ থেকে নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাসস