বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাথমিকভাবে জানা গেছে, বেনজীর আহমদকে দুবাই ত্যাগ না করার শর্তে জামিন দেয়া হয়েছে। তবে আদালতের আরোপিত সব শর্ত সম্পর্কে নিশ্চিত হতে সরকার সার্টিফায়েড কপি সংগ্রহ করছে।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
সাবেক আইজিপি বেনজীর আহমেদের ব্যাপারে রাজশাহীতে গণমাধ্যমের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
সাবেক আইজিপি বেনজীর আহমেদের ব্যাপারে রাজশাহীতে গণমাধ্যমের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ |নয়া দিগন্ত

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে শর্তসাপেক্ষে জামিন পাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের জন্য বাংলাদেশ সরকার সেখানে একটি ল’ ফার্ম নিয়োগ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২ আগস্ট) বিকেলে রাজশাহী পুলিশ লাইন্সে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা ও সদস্যদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বেনজীর আহমেদ দুবাইয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন বলে আমরা জেনেছি। এ বিষয়ে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে কথা হয়েছে। আদালতের জামিন আদেশের সার্টিফায়েড কপি সংগ্রহের চেষ্টা চলছে। একইসাথে তার জামিন বাতিলের জন্য সরকার সেখানে একটি ল’ ফার্ম নিয়োগ করেছে।’

তিনি বলেন, ‘কয়েক দিন আগেই শুধু এ বিষয়টি দেখভালের জন্য ল’ ফার্ম নিয়োগ করা হয়েছে। তাদের নির্দেশনা দেয়া হয়েছে, যাতে তারা আদালতে জামিন বাতিলের আবেদন নিয়ে আইনি প্রক্রিয়া অনুসরণ করে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘আমি বিষয়টি সভামঞ্চে বসেই জানতে পেরেছি। সাথে সাথে স্বরাষ্ট্রসচিবের সাথে কথা বলেছি। তিনি দুবাইয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে যোগাযোগ করেছেন। আদালতের সার্টিফায়েড আদেশ হাতে পেলেই পরবর্তী আইনি পদক্ষেপ আরো জোরদার করা হবে।’

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, বেনজীর আহমদকে দুবাই ত্যাগ না করার শর্তে জামিন দেয়া হয়েছে। তবে আদালতের আরোপিত সব শর্ত সম্পর্কে নিশ্চিত হতে সরকার সার্টিফায়েড কপি সংগ্রহ করছে। একইসাথে নিযুক্ত ল’ ফার্মকে জামিন বাতিলের বিষয়টি অনুসরণ করার নির্দেশ দেয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ‘আমরা বিশ্বাস করি, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। এ বিষয়ে ল’ ফার্ম কাজ করছে।’

এর আগে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কারাগারে থাকা বেনজীর আহমেদের জামিন আবেদন গত ২৭ জুলাই দেশটির একটি আদালত শর্তসাপেক্ষে মঞ্জুর করেন। পরে গত ৩০ জুলাই আইনি প্রক্রিয়া শেষে তিনি কারামুক্ত হন। রোববার তার ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে।

জানা গেছে, জামিনের শর্ত অনুযায়ী বেনজীর আহমেদের পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে এবং আদালতের অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না।