শহীদুল্লাহ হলে ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবি শিবিরের বিক্ষোভ

সমাবেশ থেকে হামলায় জড়িত ছাত্রদলের চিহ্নিত নেতাকর্মীদের বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী স্থায়ী বহিষ্কার ও আইনগত ব্যবস্থা গ্রহণ, দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে সহকারী প্রক্টর নূর আলম সিদ্দিকীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর হল প্রশাসন গঠনের দাবি জানানো হয়।

ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের প্রভোস্ট কার্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের হামলার অভিযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, ঘটনার নিরপেক্ষ তদন্ত, বিশ্ববিদ্যালয় প্রশাসনের জবাবদিহি এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

শনিবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় মধুর ক্যান্টিন থেকে শিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশে সংগঠনটির নেতারা বক্তব্য দেন।

সমাবেশে ঢাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন খান অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্ব পালনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। অতীতেও ছাত্রদলের বিরুদ্ধে ক্যাম্পাসে বিভিন্ন হামলা ও সহিংসতার অভিযোগ উঠলেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়নি বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, প্রকাশ্যে হামলা ও সহিংসতার পরও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় ক্যাম্পাসে অপরাধের সংস্কৃতি উৎসাহিত হচ্ছে। ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলায় বারবার শোকজ করা হলেও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসন নীরব রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

প্রক্টর অফিসের ‘রাগের মাথায় সবাই ভুল করতে পারে’ মন্তব্যের সমালোচনা করে মহিউদ্দিন খান বলেন, এ ধরনের বক্তব্য কোনোভাবেই সহিংসতাকে বৈধতা দিতে পারে না। তিনি ওই বক্তব্য প্রত্যাহার এবং শিক্ষার্থীদের কাছে প্রশাসনের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।

ঢাবি শিবিরের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হুসাইন অভিযোগ করেন, প্রভোস্ট কার্যালয়ে ঢুকে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে এবং ঘটনার দায় নিয়ে প্রক্টর ও ভিসির পদত্যাগ করা উচিত।

শহীদুল্লাহ হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) তাওকির হাসান বলেন, ২৭ জুন হল সংসদের এজিএসের কক্ষে অতিথিদের অবস্থানসংক্রান্ত অভিযোগ তদন্তে গঠিত কমিটির বৈঠকে অংশ নিতে তারা প্রভোস্ট কার্যালয়ে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে হামলা চালায়। হামলায় শিবিরকর্মী জায়েদ তালহা, পাঠকক্ষ সম্পাদক খাদেমুল ইসলামসহ একাধিক শিক্ষার্থী আহত হন বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরো বলেন, ঘটনার সময় উপস্থিত চারজন হাউজ টিউটর ও প্রশাসনিক কর্মকর্তার সামনেই হামলার ঘটনা ঘটে। হামলার পরও দায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা না নেয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সমাবেশ থেকে হামলায় জড়িত ছাত্রদলের চিহ্নিত নেতাকর্মীদের বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী স্থায়ী বহিষ্কার ও আইনগত ব্যবস্থা গ্রহণ, দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে সহকারী প্রক্টর নূর আলম সিদ্দিকীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর হল প্রশাসন গঠনের দাবি জানানো হয়।

এ ছাড়া ঘটনার নিরপেক্ষ তদন্ত, হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্যাম্পাসে সন্ত্রাসমুক্ত ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।