গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের অংশগ্রহণে শিল্পকলায় স্মরণসভা সোমবার

অনুষ্ঠানে শুরুতে সমবেত যন্ত্রসঙ্গীত ‘মুক্তির মন্দির সোপান তলে’ পরিবেশিত হবে। এরপর জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হবে। পরে তথ্যচিত্র প্রদর্শন করা হবে।

নয়া দিগন্ত অনলাইন
প্রতীকী ছবি

চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ও আহত জুলাই যোদ্ধা এবং তাদের পরিবারের অংশগ্রহণে আগামীকাল (সোমবার) স্মরণসভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান হতে যাচ্ছে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করছে।

শিল্পকলা সূত্র জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠান শুরু হবে।

‘যে জুলাই জাগিয়েছিল সাহসের অগ্নিশিখা, যে জুলাই লিখেছিল মানুষের মুক্তির গান, সেই জুলাই আজও বেঁচে আছে আমাদের কণ্ঠে, আমাদের স্বপ্নে, আমাদের আগামীতে’- এমন প্রত্যয়ে অনুষ্ঠানটি হচ্ছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা: জাহেদ উর রহমান।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলার সভাপতিত্বে স্বাগত বক্তৃতা দেবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। ধন্যবাদ জ্ঞাপন করবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

অনুষ্ঠানে শুরুতে সমবেত যন্ত্রসঙ্গীত ‘মুক্তির মন্দির সোপান তলে’ পরিবেশিত হবে। এরপর জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হবে। পরে তথ্যচিত্র প্রদর্শন করা হবে। সূত্র : বাসস