প্রেস সচিব

আন্দোলন-সংগ্রামে আহত ও নিহতদের পাশে দাঁড়াবে সরকার

শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পুনর্গঠনের সংগ্রাম অব্যাহত থাকবে জানিয়ে সালেহ শিবলী বলেন, নিরাপদ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিক, আলোকচিত্রীসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।

নয়া দিগন্ত অনলাইন
কথা বলছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী
কথা বলছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী |সংগৃহীত

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেছেন, দীর্ঘ কয়েক দশকের আন্দোলন-সংগ্রামে যারা আহত ও নিহত হয়েছেন, তাদের অবদান রাষ্ট্র কখনো ভুলবে না।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে পর্যায়ক্রমে সবাইকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হবে। তাদের পাশে সহায়তার হাত বাড়ানো হবে। তবে এ জন্য কিছুটা ধৈর্য ধরতে হবে।

প্রেস সচিব বলেন, আমরা এমন একটি সময় থেকে বেরিয়ে এসেছি, যখন আন্দোলনের সময় কেউ নিরাপত্তা পেত, আবার কেউ পেত না। কিন্তু আজকের বাংলাদেশে সবাই নিরাপত্তা পাওয়ার অধিকার রাখে। আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়তে কাজ করছি।

রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) ও ‘আমরা বিএনপি পরিবার’র যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফ্যাসিবাদের ১৫ বছর ও চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সালেহ শিবলী বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ইতিহাসে অসংখ্য মানুষ জীবন দিয়েছেন, আহত হয়েছেন, পরিবার থেকে বিচ্ছিন্ন থেকেছেন।

আন্দোলনে নিহত ও আহত সাংবাদিকদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন সালেহ শিবলী। তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

প্রেস সচিব বলেন, প্রত্যেক ত্যাগের মূল্যায়ন একদিনে সম্ভব নয়। কিন্তু রাষ্ট্র ধীরে ধীরে সবার অবদান মূল্যায়ন করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, দীর্ঘদিনের আন্দোলনে যারা আহত ও নিহত হয়েছেন, পর্যায়ক্রমে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেয়া হবে।

সালেহ শিবলী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছে। আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি, অর্থনৈতিক চাপ এবং বিগত সরকারের রেখে যাওয়া নানা সঙ্কট একসাথে সামাল দিতে হচ্ছে। এসব কারণে অনেক কাজ বাস্তবায়নে সময় লাগছে।

তিনি বলেন, আপনারা গত ১৫ বছরে যেসব নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন, সেই বাস্তবতা থেকে দেশকে বের করে আনতে সরকার কাজ করছে। তাই নতুন সরকারকে কিছুটা সময় দিন। ইতোমধ্যে আপনারা পরিবর্তন লক্ষ্য করতে শুরু করেছেন।

শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পুনর্গঠনের সংগ্রাম অব্যাহত থাকবে জানিয়ে সালেহ শিবলী বলেন, নিরাপদ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিক, আলোকচিত্রীসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, ডিইউজের সহ-সভাপতি রাশেদুল হক, বিপিজেএর সহ-সভাপতি মশিউর রহমান সুমন, অর্থ সম্পাদক নাসিম শিকদার, দফতর সম্পাদক ফরিদ আহমেদসহ আলোকচিত্রী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সূত্র : বাসস