বেইলি রোডে উন্নয়ন কাজে অনিয়ম : গাইড ওয়াল ভেঙে পুনঃনির্মাণের নির্দেশ

তিনি আরো জানান, কাজের গুণগত মান সুনিশ্চিত করতে এ ধরনের আকস্মিক নৈশ পরিদর্শন অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-১ এর ১৯ নম্বর ওয়ার্ডের বেইলি রোড এলাকায় (অফিসার্স ক্লাব মোড় থেকে হেয়ার রোড পর্যন্ত) চলমান ফুটপাত ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজে গুরুতর অনিয়ম পরিলক্ষিত হওয়ায় সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেয়া হয়েছে। একইসাথে অনিয়ম করে নির্মিত ৯ মিটার গাইড ওয়াল অবিলম্বে ভেঙে ফেলে পুনঃনির্মাণের নির্দেশ প্রদান করা হয়েছে।

রোববার (২ আগস্ট) রাত সাড়ে ১০টায় ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুস সালাম বেইলি রোডস্থ ২৪ নম্বর বাংলোর সামনের উন্নয়ন কাজ সরেজমিনে পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি দেখতে পান- ৯ মিটার গাইড ওয়াল নির্মাণে সিডিউল ও স্পেসিফিকেশন অনুযায়ী গুণগত মানের সামগ্রী ব্যবহার করা হয়নি। এ ছাড়া সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী বা কার্য-সহকারীর উপস্থিতি ছাড়াই সম্পূর্ণ অননুমোদিতভাবে রাতের আঁধারে ঢালাই কাজ সম্পাদন করা হচ্ছিল।

চুক্তি দলিলের গুণগত মান নিয়ন্ত্রণ শর্তাবলি (GCC Section: 3) অনুযায়ী প্রতিটি উন্নয়ন কাজে নির্দিষ্ট মানসম্পন্ন সামগ্রী ব্যবহার করা বাধ্যতামূলক। এই অনিয়মের পরিপ্রেক্ষিতে চুক্তি দলিলের শর্ত (GCC Clause-27: Rejection of works) অনুযায়ী অননুমোদিত ও স্পেসিফিকেশন বহির্ভূত কাজটি অবিলম্বে বন্ধের নির্দেশ দেয়া হয়। পাশাপাশি নির্মিত অংশটি ভেঙে অপসারণ করে নতুনভাবে নির্মাণের কড়া নির্দেশ দেয়া হয়েছে।

পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) এবং চুক্তির শর্ত ভঙ্গের দায়ে ঠিকাদারী প্রতিষ্ঠান ‘DIC & AW (JV)’-কে আগামী ৩ (তিন) কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে। সোমবার (৩ আগস্ট) ডিএসসিসির অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জয় স্বাক্ষরিত এক স্মারকে এই শোকজ নোটিশ জারি করা হয়।

এ বিষয়ে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুস সালাম স্পষ্ট বার্তা দিয়ে জানান, নগরীর উন্নয়ন কাজের মান বজায় রাখতে যেকোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির বিরুদ্ধে সিটি করপোরেশন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। তিনি আরো জানান, কাজের গুণগত মান সুনিশ্চিত করতে এ ধরনের আকস্মিক নৈশ পরিদর্শন অব্যাহত থাকবে।