দেশের পরিস্থিতি নিয়ে ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক, নতুন কর্মসূচি ঘোষণা

শীর্ষ বৈঠকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বী মূল্য বৃদ্ধি, গ্যাস সঙ্কট, বিদ্যুতের ভুতুড়ে বিল এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে উদ্বেগ প্রকাশ করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
জামায়াত আমিরের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের বৈঠক অনুষ্ঠিত
জামায়াত আমিরের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের বৈঠক অনুষ্ঠিত |নয়া দিগন্ত

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের এক শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, জনদুর্ভোগ, গ্যাস-বিদ্যুৎ সঙ্কট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে আগামী ৫ আগস্ট বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে গণসমাবেশ করার কর্মসূচি ঘোষণা করা হয়।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজধানীর মিন্টো রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মুস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, জাগপার মহাসচিব অধ্যাপক ইকবাল হোসাইন, এবি পার্টির যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন, এলডিপির মহাসচিব বেলাল হোসেন সিরাজী, লেবার পার্টির মুখপাত্র মো: নাজমুল ইসলাম তালুকদার প্রমুখ।

শীর্ষ বৈঠকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বী মূল্য বৃদ্ধি, গ্যাস সঙ্কট, বিদ্যুতের ভুতুড়ে বিল এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে উদ্বেগ প্রকাশ করা হয়।

বৈঠকে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করেন–

৫ আগস্ট বুধবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সকাল ১০টায় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

৬ আগস্ট দেশের সকল মহানগরী ও জেলায় বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

আগামী ৫ আগস্ট বুধবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের গণসমাবেশ থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বী মূল্য বৃদ্ধি, গ্যাস সঙ্কট, বিদ্যুতের ভুতুড়ে বিল এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে এবং জুলাই জাতীয় সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ৬ আগস্ট সকাল ১১টায় রাজধানীর মুক্তাঙ্গণে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি পালন করা হবে। কর্মসূচি শেষে সচিবালয়ে স্মারকলিপি প্রদান করা হবে।