চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার আহ্বান সেলিম উদ্দিনের

দেশে সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের জানমালের নিরাপত্তা দেয়ায় সরকারের দায়িত্ব। এ দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রকে জনগণ কর দেয়।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka
বক্তব্য রাখছেন সেলিম উদ্দিন
বক্তব্য রাখছেন সেলিম উদ্দিন |নয়া দিগন্ত

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সরকার ও রাজনৈতিক দলসহ সমাজের আত্মসচেতন মানুষকে স্ব স্ব অবস্থান থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

সোমবার (৮ মে) সকালে রাজধানীর উত্তরার ফায়দাবাদে প্রাক হেলথ কেয়ার সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

সেলিম উদ্দিন বলেন, ‘দেশে সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের জানমালের নিরাপত্তা দেয়ায় সরকারের দায়িত্ব। এ দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রকে জনগণ কর দেয়। কিন্তু সে কাজ না করে জনগণের আমানতকে অনিরাপদ করার জন্যই দেশের সর্ববৃহৎ ও স্বনামধন্য ইসলামী ব্যাংক দখলের অপতৎরতা শুরু করেছে। তারা পতিত স্বৈরাচারের প্রতিভূ ও স্বীকৃত দুর্নীতিবাজের হাতে ব্যাংকটি তুলে দেয়ার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু দেশের আত্মসচতেন জনগণ ও আমানতকারীরা সরকারের সে ষড়যন্ত্র কোনো ভাবেই বাস্তবায়িত হতে দেবে না।

তিনি সরকারকে হঠকারী সিদ্ধান্ত পরিহার করে ইতিবাচক পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

ইসলামী ব্যাংককে দেশের সেরা ব্যাংক দাবি করে তিনি বলেন, ‘দেশের মোট প্রবাসী আয়ের উল্লেখযোগ্য অংশ এ ব্যাংকের মাধ্যমে আসে। ইসলামী ব্যাংক দেশের অন্যতম সফল ও সেবামূলক প্রতিষ্ঠান। সরকারের উচিত ছিল ইসলামী ব্যাংককে অনুসরণ করে সঙ্কটে থাকা ও দেউলিয়া হয়ে পড়া ব্যাংকগুলোকে পুনরুদ্ধারের উদ্যোগ নেয়া।’

তিনি সরকাকে সতর্ক করে বলেন, ‘জনগণের অর্থ লুটপাট ও দুর্নীতি করলে অতীতের মতো জনগণই তার প্রতিক্রিয়া দেখাবে।’

ঢাকা মহানগরীর আমির সরকারে প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে নেতিবাচক চিন্তা থেকে বেরিয়ে এসে ইতিবাচক ও উন্নয়নের রাজনীতির সূচনা করুন। একইসাথে দেশকে শান্তিপূর্ণভাবে পরিচালনা করার দায়িত্বও সরকারের। সরকারের কান পাতলা বা কোনো ভুল তথ্যে বিভ্রান্ত হওয়া মোটেই সমীচিন নয়।’

তিনি সরকারকে আইন ও সংবিধান মেনে নিজেদের করণীয় নির্ধারণ ও সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানান।

সেলিম উদ্দিন বলেন, ‘পতিত ফ্যাসিবাদী সরকারের লুটপাট ও বর্তমান সরকারে উপর্যুপরি ব্যর্থতার কারণেই দেশের স্বাস্থ্যখাত এখন ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়েছে। সর্বোপরি এ খাতে প্রয়োজনীয় বাজেট বরাদ্দও নেই। তাই আগামী দিনে চিকিৎসা সেবার মান উন্নয়নের জন্য জাতীয় বাজেটের অন্তত আট শতাংশ স্বাস্থ্যখাতে বরাদ্দ দিতে হবে।’

প্রাকের এডমিন ইনচার্জ মো: জুবায়ের হোসাইন রাজনের সঞ্চালনা ও প্রাক ডক্টর ইনচার্জ ডা: খালিদ সাইফুল্লাহর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা জামাল উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইসরাঈল হোসেন, ডা: হাবিবুর রহমান, ডা: সোহেল রানা, সোহেল হাওলাদার প্রমুখ।