‘ইসলামী ব্যাংক দখলের চেষ্টা করা হলে দখলদারদের মতোই পরিণতি ভোগ করতে হবে’ বলে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির এবং মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ‘জামায়াতের সমালোচনা করা যেতে পারে, কিন্তু জামায়াতের মতো সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলা অনেকের পক্ষেই সম্ভব নয়।’
সোমবার (৮ জুন) সকালে রাজধানীর উত্তরার ফায়দাবাদ এলাকায় তৃতীয় ধাপে আরো একটি ‘প্রাক হেলথ কেয়ার সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, ‘সরকারের উচিত ছিল ইসলামী ব্যাংকের কার্যক্রম অনুসরণ করে সঙ্কটে থাকা ও দেউলিয়া হয়ে পড়া ব্যাংকগুলোকে পুনরুদ্ধারের উদ্যোগ নেয়া।’
ইসলামী ব্যাংককে দেশের সেরা ব্যাংক আখ্যায়িত করে তিনি দাবি করেন, দেশের মোট প্রবাসী আয়ের (রেমিট্যান্স) উল্লেখযোগ্য অংশ এই ব্যাংকের মাধ্যমে আসে। ইসলামী ব্যাংক দেশের অন্যতম সফল ও সেবামূলক প্রতিষ্ঠান।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন আরো বলেন, ‘দেশকে শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে হবে। কোনো ভুল তথ্যে বিভ্রান্ত হওয়া উচিত নয়। সরকারের এমন কোনো পদক্ষেপ নেয়া যাবে না, যা দেশে অস্থিরতা সৃষ্টি করে। দলটি যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শন অনুসরণ করে পরিচালিত হয়।’
স্বাস্থ্য খাত প্রসঙ্গে সেলিম উদ্দিন বলেন, চিকিৎসাসেবার মান উন্নয়নের জন্য জাতীয় বাজেটের অন্তত ৮ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ দিতে হবে।
তিনি সতর্ক করে বলেন, ‘জনগণের অর্থ লুটপাট ও দুর্নীতি করলে অতীতের মতো জনগণই তার প্রতিক্রিয়া দেখাবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসক, সামাজিক ও জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জামাল উদ্দিন, ইসরাফিল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।



